কলকাতা ও শিলিগুড়ি: আসন্ন বিধানসভা নির্বাচনের রণদামামা বাজিয়ে আজ থেকেই উত্তরবঙ্গ সফর শুরু করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি যখন পাহাড় ও সমতলের ভোট অঙ্ক মেলাতে ব্যস্ত, ঠিক সেই সময়েই (প্রায়) কলকাতায় তৃণমূলের ঘর ভাঙল বিজেপি। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দিলেন মেখলিগঞ্জের প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান এবং গ্রেটার কোচবিহার আন্দোলনের প্রভাবশালী নেতা বংশীবদন বর্মন। রাজনৈতিক মহলের মতে, মমতার সফরের দিনেই এই দলবদল উত্তরবঙ্গ রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করল।
এদিন দুপুরে দমদম বিমানবন্দর থেকে উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে যাওয়ার আগে তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং আধিকারিকদের গণবদলি নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন। উত্তরবঙ্গে টানা কয়েকদিন প্রচার চালাবেন মুখ্যমন্ত্রী। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির হারানো জমি ফিরে পাওয়া এবং রাজবংশী ও পাহাড়ি ভোটব্যাঙ্ক সংহত করাই তাঁর মূল লক্ষ্য। তবে, তাঁর সফরের শুরুর দিনেই কোচবিহারের দুই বড় মুখের দলবদল তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
কোচবিহারের প্রাক্তন তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায় প্রধান একসময় মেখলিগঞ্জ ও তুফানগঞ্জের দাপুটে নেতা ছিলেন। ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন সাংসদ অমর রায় প্রধানের পুত্র অর্ঘ্য এদিন কলকাতায় বিজেপির পতাকা হাতে নিয়ে বলেন, “দুর্নীতির সঙ্গে সমঝোতা করে চলা সম্ভব নয়। মেখলিগঞ্জে যে দুর্নীতি চলছে, তার জবাব মানুষের কাছে দিতে পারছিলাম না। তাই আজ বিজেপিতে সম্পৃক্ত হয়ে গর্ববোধ করছি।” উল্লেখ্য, মেখলিগঞ্জ কেন্দ্রে এবারও পরেশ চন্দ্র অধিকারীকে টিকিট দেওয়ায় ক্ষুব্ধ ছিলেন অর্ঘ্য।
অন্যদিকে, উত্তরবঙ্গের ভোটে রাজবংশী সম্প্রদায় একটি নির্ণায়ক ভূমিকা পালন করে। গ্রেটার কোচবিহার আন্দোলনের নেতা বংশীবদন বর্মনের বিজেপিতে যোগদান তৃণমূলের রাজবংশী ভোটব্যাঙ্কে বড়সড় ধস নামাতে পারে বলে মনে করা হচ্ছে। বংশীবদন এদিন জানান, রাজবংশী ভাষা ও সংস্কৃতির উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের নীতি তাঁকে উদ্বুদ্ধ করেছে। এই দলবদলের জেরে এদিন শুভেন্দু অধিকারী দাবি করেন, উত্তরবঙ্গে তৃণমূলের অস্তিত্ব বিপন্ন হতে চলেছে।
মমতা যখন উত্তরবঙ্গে পৌঁছেই উন্নয়নের বার্তা দিচ্ছেন, তখন কলকাতায় শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, “মানুষ তৃণমূলের অত্যাচারে বীতশ্রদ্ধ। মেখলিগঞ্জ থেকে কোচবিহার - সর্বত্রই এখন পরিবর্তনের হাওয়া। অর্ঘ্য এবং বংশীবদনের মতো নেতারা দলে আসায় উত্তরবঙ্গে বিজেপির জয় এখন সময়ের অপেক্ষা!”
সব মিলিয়ে, উত্তরবঙ্গ সফরের শুরুতেই ঘরোয়া রাজনীতিতে বড় চ্যালেঞ্জের মুখে পড়লেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। একদিকে জয়ের চেষ্টা, অন্যদিকে ঘরের ভাঙন - এই দ্বিমুখী লড়াই সামলানোই এখন তৃণমূলের বড় পরীক্ষা।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন