কলকাতা: রাজ্যে ভোটারতালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) কর্মসূচি ঘিরে চরম উৎকণ্ঠার মধ্যেই বড় ঘোষণা করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল। সোমবার রাত ৯টা নাগাদ দ্বিতীয় দফার চূড়ান্ত ভোটারতালিকা প্রকাশ করা হবে। তবে, প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন (Under Review) ভোটারের মধ্যে ঠিক কতজনের নাম শেষ পর্যন্ত বাদ পড়ল, সেই পরিসংখ্যান নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন সিইও।
দ্বিতীয় দফায় চূড়ান্ত তালিকা প্রকাশের কয়েক ঘণ্টা আগে এক সাংবাদিক বৈঠকে মনোজ আগরওয়াল জানান, তালিকা তৈরির কাজ এখনও প্রক্রিয়াধীন এবং এটি সম্পন্ন করতে আরও ৬ থেকে ৮ ঘণ্টা সময় প্রয়োজন। যখন তাঁকে প্রশ্ন করা হয় যে কতজন ভোটারের তথ্যের নিষ্পত্তি হয়েছে, তিনি জানান, "এখনও পর্যন্ত ২৯ লক্ষ ভোটারের আবেদনের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।" তবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন - অর্থাৎ কতজনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তার উত্তরে তিনি সরাসরি বলেন, "কত বাদ দেওয়া হয়েছে, জানা নেই!"
রাজ্যে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন তালিকায় ছিল। নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির মাধ্যমে এই বিশাল সংখ্যক ভোটারের তথ্য যাচাই করার কাজ চলছিল। ২৯ লক্ষ নিষ্পত্তি হওয়ার অর্থ হল, এখনও প্রায় অর্ধেকের বেশি ভোটারের ভাগ্য ঝুলে রয়েছে অথবা তাঁদের প্রক্রিয়াকরণ শেষ পর্যায়ে। সোমবার রাত ৯টার তালিকায় এই বিপুল সংখ্যক ভোটারের মধ্যে কতজন ভোটাধিকার ফিরে পেলেন আর কতজন তালিকাচ্যুত হলেন, তা নিয়েই এখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।
সিইও জানিয়েছেন, ব্লক ও জেলাস্তর থেকে তথ্য সংগ্রহের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। ডিজিট্যাল ডাটাবেসে এই বিশাল তথ্য আপলোড করার কারণেই রাত ৯টা পর্যন্ত সময় নেওয়া হয়েছে। ভোটারতালিকায় স্বচ্ছতা বজায় রাখতেই এই নিবিড় সংশোধন করা হচ্ছে বলে কমিশনের দাবি। তবে, বাদ পড়া ভোটারদের সংখ্যা নিয়ে সিইওর 'অজ্ঞতা' বিরোধীদের মনে নতুন করে আশঙ্কার জন্ম দিয়েছে।
রাত ৯টার পর কমিশনের পোর্টালে এই তালিকা প্রকাশিত হলেই আরও কিছুটা পরিষ্কার হবে বাংলার ভোটার মানচিত্রের ছবি।
বিষয় : WestBengalElection SIR

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন