গুয়াহাটি: অসম বিধানসভা নির্বাচনের দামামা বেজে উঠতেই প্রথম দফার প্রার্থিতালিকা প্রকাশ করল বিজেপি। প্রত্যাশিতভাবেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তাঁর পুরনো দুর্গ জালুকবাড়ি থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে, এই তালিকায় সবচেয়ে বড় চমক হল কংগ্রেস ছেড়ে আসা হেভিওয়েট নেতা প্রদ্যোৎ বরদলুই। দলবদলের ২৪ ঘণ্টার মধ্যেই দিসপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিট নিশ্চিত করলেন তিনি।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ২০০১ সাল থেকে জালুকবাড়ি কেন্দ্রের বিধায়ক। কংগ্রেস আমলে হোক বা বিজেপি - গত দুই দশকে এই আসন তাঁর হাতছাড়া হয়নি। এবারও দলের প্রথম তালিকায় তাঁর নাম রয়েছে সবার উপরে। রাজনৈতিক মহলের মতে, জালুকবাড়ি এখন হিমন্তের অজেয় ঘাঁটিতে পরিণত হয়েছে!
বুধবারই কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রাক্তন সাংসদ প্রদ্যোৎ বরদলুই। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের সঙ্গে দীর্ঘদিনের মনোমালিন্য এবং প্রার্থিতালিকায় নাম না থাকায় তিনি ক্ষুব্ধ ছিলেন। দলবদলের সময় হিমন্ত বিশ্বশর্মা তাঁকে আসন দেওয়ার যে ‘প্রতিশ্রুতি’ দিয়েছিলেন, তা ২৪ ঘণ্টার মধ্যেই বাস্তবায়িত হল। দিসপুর থেকে প্রার্থী করা হয়েছে তাঁকে।
বিজেপির প্রথম দফার ৮৮ জনের তালিকায় অভিজ্ঞ এবং নতুনদের সমন্বয় দেখা গিয়েছে। টিকিট পেয়েছেন - প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বরা (বিহপুরিয়া), পীযূষ হাজরিকা, জয়ন্ত মল্ল বড়ুয়া, অশোক সিংহল এবং অজন্তা নিয়োগের মতো হেভিওয়েট মন্ত্রীরা। অন্যদিকে, বড় চমক হিসাবে প্রার্থিতালিকা বাদ পড়েছেন বিদায়ী মন্ত্রী নন্দিতা গারসোলা (হাফলং)। এছাড়া অসম বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যকেও (গুয়াহাটি পূর্ব) এবার আর টিকিট দেওয়া হয়নি।
প্রসঙ্গত, আগামী ৯ এপ্রিল অসমের ১২৬টি বিধানসভাকেন্দ্রে এক দফাতেই ভোট গ্রহণ করা হবে। প্রথম দফার ৮৮ জন প্রার্থীর নাম প্রকাশ করে বিজেপি বুঝিয়ে দিল, তারা জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী এবং রণকৌশলে এক ধাপ এগিয়ে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন