কামারহাটি: প্রার্থী তালিকায় নাম ঘোষণা হতেই আর এক মুহূর্ত সময় নষ্ট করতে রাজি নন কামারহাটির বিদায়ী বিধায়ক মদন মিত্র। মঙ্গলবার তৃণমূলের প্রার্থিতালিকা প্রকাশের পরেই বুধবার সকালে কামারহাটির জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে নিজের নির্বাচনী প্রচার শুরু করলেন তিনি। ধুতি-পাঞ্জাবিতে চিরাচরিত মেজাজে পুজো দেওয়ার পর নিজেই তুলি হাতে দেওয়াল লিখনে মাতলেন মদন। নিজের নাম দেওয়ালে লিখে বুঝিয়ে দিলেন, কামারহাটির ময়দান তাঁর চেনা এবং জয়ের ব্যাপারে তিনি ১০০ শতাংশ নিশ্চিত।
মদন মিত্রকে কাছে পেয়ে কামারহাটির তৃণমূল কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। এলাকা জুড়ে বাজি ফাটিয়ে উৎসবে মাতেন সমর্থকরা। এদিন মদন মিত্র দাবি করেন, কামারহাটিতে গত কয়েক বছরে উন্নয়নের কাজ প্রায় সম্পূর্ণ। তিনি বলেন, “কামারহাটিতে মোটামুটি উন্নয়ন হয়ে গিয়েছে, যা সামান্য বাকি আছে তা আমি করে দেব।” ভোটারদের আশীর্বাদ নিয়ে এবারও বড় ব্যবধানে জয়ের আশা প্রকাশ করেছেন তিনি।
তবে প্রচারের শুরুতেই কামারহাটির রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে সিপিএম প্রার্থী মানস মুখোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে। সম্প্রতি মানস মুখোপাধ্যায় প্রচারের ময়দান থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন যে, “ভোট লুট হলে এবার চোখে চোখ রেখে কথা হবে।”
এদিন সেই মন্তব্যের পাল্টায় নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ শানিয়েছেন মদন মিত্র। তিনি সরাসরি সিপিএম প্রার্থীকে বিঁধে বলেন, “মানস বাবুর চোখ আছে তো? মানুষই ওঁর চোখ নামিয়ে দেবে।” মদন মিত্রের এই মন্তব্যের পর কামারহাটিতে শাসক-বিরোধী তরজা এখন তুঙ্গে।
একদিকে মদন মিত্রের ‘কালারফুল’ জনসংযোগ আর অন্যদিকে বামেদের ‘চোখে চোখ’ রাখার চ্যালেঞ্জ—সব মিলিয়ে কামারহাটি এখন হাইভোল্টেজ লড়াইয়ের অপেক্ষায়। উন্নয়নের খতিয়ান আর বাক্যবাণের এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন, সেটাই এখন দেখার বিষয়।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন