শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই রাজভবনের প্রশাসনিক কাঠামোয় গতি আনতে বড়সড় পদক্ষেপ নিলেন নতুন রাজ্যপাল আরএন রবি। রাজভবনের একাধিক গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর পদে স্থায়ী নিয়োগের লক্ষ্যে নবান্নকে ইমেল পাঠিয়েছেন তিনি। লোকভবন সূত্রে খবর, গত কয়েক বছর ধরে ফাঁকা পড়ে থাকা পাঁচটি পদে দ্রুত নিয়োগ চাইছেন রাজ্যপাল।
রাজ্যপালের সচিব পদে একজন অভিজ্ঞ আইএএস (IAS) আধিকারিককে চাওয়া হয়েছে। এর পাশাপাশি বিশেষ সচিব পদে একজন পদোন্নতি পাওয়া আইএএস এবং দু’জন যুগ্মসচিব নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও ডেপুটি সচিব পদের জন্য তিনজন ডব্লিউবিসিএস (WBCS) অফিসারের নাম চেয়েছে রাজভবন, যাঁদের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হবে।
প্রশাসনিক মহলের মতে, আরএন রবির এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, গত তিন বছর ধরে রাজভবনের সচিব পদটি কার্যত অভিভাবকহীন অবস্থায় ছিল। ২০২৩ সালে তৎকালীন রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়ার পর থেকে নতুন কাউকে নিয়োগের বিষয়ে তেমন আগ্রহ দেখাননি। ফলে রাজভবন ও নবান্নের মধ্যে প্রশাসনিক সমন্বয়ে এক ধরণের শূন্যতা তৈরি হয়েছিল।
লোকভবনের এক আধিকারিকের কথায়, “শুক্রবারই রাজ্য সরকারের কাছে প্রয়োজনীয় বার্তা পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে, চলতি সপ্তাহের মধ্যেই নবান্নের তরফে আধিকারিকদের নাম জানিয়ে দেওয়া হবে।” নবান্নও বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে বলে খবর। নতুুন রাজ্যপালের এই সক্রিয়তা রাজভবন ও নবান্নের প্রশাসনিক সম্পর্ককে কতটা মজবুত করে, এখন সেটাই দেখার।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন