২০২১ সালের ২ মে দিনটি আজও বঙ্গবাসীর স্মৃতিতে টাটকা। নন্দীগ্রামের সেই রুদ্ধশ্বাস লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের এগিয়ে থাকা এবং তারপর আচমকা ‘লোডশেডিং’-এর সেই বিতর্কিত অধ্যায়— যা নিয়ে জল গড়িয়েছে আদালত পর্যন্ত। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে সেই একই লড়াইয়ের পুনরাবৃত্তি হতে চলেছে কলকাতার ভবানীপুরে।
বিজেপির পক্ষ থেকে এই হাই-প্রোফাইল কেন্দ্রে প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করতেই শুরু হয়েছে রাজনৈতিক বাদানুবাদ। আর এই আবহেই শুভেন্দুকে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন সদ্য তৃণমূলে যোগ দেওয়া নেতা প্রতীক উর রহমান।
বিজেপি প্রার্থী হিসেবে শুভেন্দুর নাম সামনে আসতেই সোশ্যাস মিডিয়ায় প্রতীক উর রহমান নন্দীগ্রামের সেই স্মৃতি মনে করিয়ে দিয়েছেন। সরাসরি আক্রমণ শানিয়ে তিনি লিখেছেন, “যতই করো সেটিং, হবে না লোডশেডিং।” তাঁর এই মন্তব্যে পরিষ্কার যে, নন্দীগ্রামে শুভেন্দুর জয়কে তৃণমূল এখনও ‘কারচুপি’ হিসেবেই দেখে এবং ভবানীপুরের মাটিতে তেমন কিছু ঘটার সুযোগ নেই বলেই তাঁরা দাবি করছেন।
যদিও তৃণমূল কংগ্রেস এখনও তাদের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করেনি, তবে ভবানীপুর যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের গড়, তা বলাই বাহুল্য। শুভেন্দু অধিকারী এই কেন্দ্রে প্রার্থী হওয়ায় লড়াই যে সেয়ানে-সেয়ানে হবে, তা নিশ্চিত। নন্দীগ্রামের সেই কাঁটা ছড়ানো লড়াই এবার ভবানীপুরের রাজপথে আছড়ে পড়ল। একদিকে বিরোধী দলনেতার জেদ, অন্যদিকে তৃণমূলের হারানো জমি পুনরুদ্ধারের চ্যালেঞ্জ— সব মিলিয়ে ছাব্বিশের ভোটের উত্তাপ এখনই তুঙ্গে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন