কলকাতা: দীর্ঘদিনের জল্পনা আর ‘ব্রাত্য’ থাকার অধ্যায়ের অবসান! অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডের মঞ্চে দেখা গেল মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। বিধানসভা নির্বাচনের আবহে ইতিমধ্যেই বাংলায় মোদীর একাধিক কর্মসূচি হলেও দিলীপের অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছিল। শনিবার সেই সমস্ত জল্পনায় জল ঢেলে গোলাপী রঙের কুর্তায় উজ্জ্বল মেজাজে ধরা দিলেন তিনি।
বিজেপি সূত্রের খবর, গত কয়েক মাস ধরে দলের শীর্ষস্তরের একাধিক বৈঠকে দিলীপ ঘোষকে সেভাবে দেখা যায়নি। এমনকী, দিল্লিতে প্রার্থীবাছাই পর্বেও ব্রাত্য ছিলেন তিনি। কিন্তু, শনিবার ব্রিগেডের মঞ্চে জগন্নাথ চট্টোপাধ্যায় যখন তাঁর নাম ঘোষণা করেন, তখন দিলীপ ঘোষের চওড়া হাসিই বুঝিয়ে দিয়েছে, দলের অন্দরে তাঁর গুরুত্বের পালে আবার হাওয়া লেগেছে। অনেকেই একে ‘দিলীপের কামব্যাক’ হিসাবে দেখছেন।
দিলীপ ঘোষের এই আকস্মিক সক্রিয়তার নেপথ্যে বড় কারণ হিসাবে দেখা হচ্ছে খড়্গপুর সদর আসনকে। দলীয় সূত্রে খবর, এবার খড়্গপুর সদর বিধানসভা আসনে দিলীপ ঘোষকেই প্রার্থী করতে চলেছে বিজেপি। ওই আসনের বর্তমান বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে সম্ভবত ঘাটাল লোকসভার অন্তর্গত কোনও আসনে সরিয়ে দেওয়া হতে পারে। গত একমাস ধরে দিলীপ ঘোষের অধিকাংশ সময় খড়্গপুরে কাটানো এই জল্পনাকেই কার্যত সিলমোহর দিচ্ছে।
দিলীপ জমানায় শমীক ভট্টাচার্য সেভাবে গুরুত্ব না পেলেও, শমীক নিজে দায়িত্ব পাওয়ার পর পুরনো নেতা-কর্মীদের প্রতি যথেষ্ট উদার মনোভাব নিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শমীকের পৌরোহিত্যেই ব্রাত্য দশা ঘুচিয়ে আবার মূল স্রোতে ফিরলেন দিলীপ ঘোষ।
সোমবার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা রয়েছে। তার ঠিক আগে ব্রিগেডের মঞ্চে দিলীপের এই উপস্থিতি বিজেপির কর্মী মহলে নতুন করে উৎসাহের জন্ম দিয়েছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন