পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘের মাঝেই আটকে পড়া ভারতীয়দের জন্য আশার আলো দেখালো দেশের দুই প্রধান বিমান সংস্থা। ইরান, ইজরায়েল এবং আমেরিকার ত্রিমুখী সামরিক সংঘাতের জেরে যখন উপসাগরীয় অঞ্চলের আকাশসীমা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে, ঠিক তখনই এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো ঘোষণা করল বিশেষ উদ্ধারকারী বিমানের। বুধবার থেকেই দুবাই, আবুধাবি ও শারজাহর মতো গুরুত্বপূর্ণ শহরগুলো থেকে বিশেষ বিমান পরিষেবা শুরু হচ্ছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তারা পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে মোট ৫৮টি বিশেষ বিমান চালাবে, যার মধ্যে দিল্লি ও মুম্বই থেকে জেড্ডা পর্যন্ত ‘রাউন্ড ট্রিপ’ এবং মাস্কাটে নির্ধারিত উড়ানও অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে, ইন্ডিগোও পশ্চিম এশিয়ার আটটি গন্তব্যে তাদের বিশেষ বিমান পরিচালনার কথা ঘোষণা করেছে।
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তত্ত্বাবধানে এই বিশাল উদ্ধারকাজের পরিকল্পনা করা হয়েছে। পরিস্থিতি এতটাই জটিল যে ভারত ও সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের থেকে বিশেষ অনুমতি নিয়ে এই উড়ানগুলো চালানো হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধের প্রভাবে ইতিমধ্যেই ওই অঞ্চলের আকাশসীমার একটা বড় অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে নাগরিকদের নিরাপত্তার স্বার্থে ঝুঁকি নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সংস্থাগুলো। কিন্তু যুদ্ধের প্রত্যক্ষ প্রভাব পড়ছে পকেটেও। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আগামী ১২ মার্চ থেকে অভ্যন্তরীণ বিমানে ৩৯৯ টাকা সারচার্জ বাড়ানো হচ্ছে এবং আন্তর্জাতিক রুটেও টিকিটের দাম বৃদ্ধি পেতে চলেছে। প্রতিকূল পরিস্থিতিতে নিরাপদ প্রত্যাবর্তনের এই উদ্যোগ হাজার হাজার আটকে পড়া যাত্রীর কাছে এখন বড় স্বস্তি।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন