ক্যালিফোর্নিয়া: ফের বিতর্কে বিশ্বখ্যাত পপ-তারকা ব্রিটনি স্পিয়ার্স। মাদক সেবন করে বেসামাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করল ক্যালিফোর্নিয়ার পুলিশ। ৪৪ বছর বয়সি এই গায়িকাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার ছবি প্রকাশ্যে আসতেই তাঁর অনুরাগী মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রশাসন সূত্রে খবর, স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ ভেনচুরা কাউন্টির ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রল তাঁকে আটক করে। পুলিশের সন্দেহ ছিল, তিনি মাদকাসক্ত অবস্থায় স্টিয়ারিং ধরেছেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। সারা রাত পুলিশি হেফাজতে কাটানোর পর বৃহস্পতিবার ভোরে তিনি জামিনে মুক্তি পান।
ব্রিটনির বিরুদ্ধে দায়ের করা এই মামলাটি আগামী ৪ মে আদালতে ওঠার কথা রয়েছে। তবে আইনি ঝক্কি ব্রিটনির জীবনে নতুন নয়, এর আগে একটি 'হিট অ্যান্ড রান' বা ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার মামলায় তাঁর নাম জড়িয়েছিল। সেবার পার্কিংয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা মেরেছিলেন তিনি। ক্যালিফোর্নিয়ার পুলিশ মনে করছে, গায়িকার অপরাধের তালিকায় এবারের ঘটনাটি অত্যন্ত গুরুতর।
বিগত কয়েক মাস ধরেই ব্রিটনির জীবন বিতর্কের আবর্তে ঘুরপাক খাচ্ছে। প্রাক্তন স্বামী ফেডারলিনের সঙ্গে তাঁর প্রকাশ্য বিবাদ এবং সন্তানদের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে বারবার সরব হয়েছেন তিনি। বর্তমানে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় থাকলেও, সেখানে তিনি প্রায়ই মনের যন্ত্রণার কথা শেয়ার করতেন। সেই ব্যক্তিগত সঙ্কটের মাঝেই এবার মাদক-মামলায় গ্রেফতারি তাঁর ভাবমূর্তিকে আরও কালিমালিপ্ত করল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন