অমরাবতী: জনসংখ্যা নিয়ন্ত্রণে নয়, বরং জন্মহার বৃদ্ধিতে এবার কোমর বেঁধে নামছে অন্ধ্রপ্রদেশ সরকার। রাজ্যের বর্তমান জন্মহার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় দম্পতিদের উৎসাহিত করতে এক অভিনব আর্থিক প্যাকেজ ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। নতুন এই পরিকল্পনা অনুযায়ী, কোনো দম্পতি দুই বা তার বেশি সন্তানের জন্ম দিলেই সরাসরি সরকারি কোষাগার থেকে পাবেন ২৫,০০০ টাকা।
বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু রাজ্যের জনসংখ্যার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, বর্তমানে অন্ধ্রপ্রদেশের জন্মহার (টোটাল ফার্টিলিটি রেট বা TFR) মাত্র ১.৫ শতাংশ, যা প্রতিস্থাপন স্তরের (Replacement Level) অনেকটাই নীচে। লক্ষ্য হলো এই হারকে দ্রুত ২.১ শতাংশে নিয়ে আসা। জনসংখ্যার গড় বয়স বেড়ে যাওয়া বা 'এজিং পপুলেশন' (Aging Population) রুখতেই এই সিদ্ধান্ত। কর্মক্ষম মানুষের সংখ্যা কমে গেলে রাজ্যের উৎপাদনশীলতা ও অগ্রগতি ধাক্কা খাবে, যা কোনোভাবেই হতে দিতে চায় না সরকার।
মুখ্যমন্ত্রী নায়ডু দাবি করেছেন যে, সন্তান জন্মের ঠিক পরেই এই টাকা দম্পতিদের হাতে তুলে দেওয়া হবে। তাঁর কথায়, "এই প্রকল্প গেম-চেঞ্জার হতে চলেছে। আমরা যদি এটি সফলভাবে বাস্তবায়ন করতে পারি, তবে তা অত্যন্ত কার্যকরী হবে।" শুধু ভারত নয়, বিশ্বের অনেক উন্নত দেশও এখন এই একই সমস্যায় ভুগছে এবং অন্ধ্রপ্রদেশ সেই পথেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।
সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকেই এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে, আগামী এপ্রিল মাস থেকেই নতুন এই প্রকল্প রাজ্যে চালু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন