কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে বিন্দুমাত্র ফাঁক রাখতে নারাজ নির্বাচন কমিশন (ECI)। এবার শুধু বুথের ভেতরেই নয়, বুথ চত্বরের আশপাশেও বসানো হবে সিসিটিভি ক্যামেরা। সোমবার জেলাশাসক ও কমিশন কর্তাদের সঙ্গে এক হাই-ভোল্টেজ বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী।
কমিশনের স্পষ্ট ব্যাখ্যা, অনেক সময় বুথের ভেতরে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বাইরে অশান্তি পাকানোর চেষ্টা করা হয়। এবার সিসিটিভি ক্যামেরার নজরদারি বাইরেও থাকায় যে কোনও ধরণের বিশৃঙ্খলা বা জোরপূর্বক বুথে ঢোকার চেষ্টা মুহূর্তের মধ্যে ধরা পড়বে। এছাড়াও বাইরে পর্যবেক্ষণের জন্য বিশেষ দায়িত্বে থাকবেন মাইক্রো-অবজারভাররা।
নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জন্য কমিশনের বার্তা অত্যন্ত কড়া। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় বাহিনী যেন কোনও রাজনৈতিক দল বা ব্যক্তির কাছ থেকে কোনও ধরণের আতিথেয়তা গ্রহণ না করে। বাহিনীর নিরপেক্ষতা বজায় রাখতে হবে সবদিক থেকে।
বিশেষ রোল পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন, আগামী ৬ মার্চ ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে মোট ২০০ জন জুডিশিয়াল অফিসার রাজ্যে আসছেন। যেখানে বিবেচনাধীন কেসের সংখ্যা বেশি, সেখানে বেশি সংখ্যায় অফিসার মোতায়েন করা হবে।
বৈঠক শেষে কমিশন সূত্রে খবর, অনেক জায়গায় বুথের প্রস্তুতি এখনও সন্তোষজনক নয়। কোথাও পানীয় জলের অভাব, তো কোথাও নেই বিদ্যুৎ সংযোগ। এই সমস্ত খামতি দ্রুত মেটানোর এবং তার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন