নিজস্ব প্রতিবেদক: ভোটারতালিকা নিয়ে বিতর্ক যেন থামছেই না। রিচা ঘোষের পর এবার সেই তালিকায় যুক্ত হল ময়দানের দুই নক্ষত্র — মেহতাব হোসেন এবং সৈয়দ রহিম নবীর নাম। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রকাশিত ভোটারতালিকায় এই দুই প্রাক্তনীকেও ‘বিচারাধীন’ (Under Objection) বিভাগে রাখা হয়েছে। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা দুই ফুটবলারের নাম নিয়ে এমন বিভ্রান্তিতে সরব হয়েছে ক্রীড়ামহল।
ভোটারতালিকা সংশোধনীর কাজে ‘যান্ত্রিক ত্রুটি’ নাকি ‘পরিকল্পিত চক্রান্ত’ — তা নিয়ে প্রশ্ন তুলছেন মেহতাব ও নবী। মেহতাব হোসেন ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, সারাজীবন এই দেশ ও রাজ্যের হয়ে ফুটবল খেলেছেন, সব নথিপত্র থাকা সত্ত্বেও তাঁর নাম কেন ‘বিচারাধীন’ তালিকায় রাখা হল, তা বোধগম্য নয়। একই সুর শোনা গিয়েছে সৈয়দ রহিম নবীর গলায়। দুজনেরই দাবি, এটি তাঁদের নাগরিক অধিকারের উপর হস্তক্ষেপ এবং অত্যন্ত অপমানজনক।
ময়দানের দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তনীদের নাম এভাবে ভোটারতালিকায় অনিশ্চিত হয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যেও বিভ্রান্তি ছড়িয়েছে। এর আগে শিলিগুড়ির রিচা ঘোষের ক্ষেত্রেও একই সমস্যা দেখা দিয়েছিল। বারবার কেন হেভিওয়েট ব্যক্তিদের নাম এভাবে ‘অ্যাম্বিগিউয়াস’ বা অস্পষ্ট তালিকায় চলে যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক ও সামাজিক মহল।
প্রশাসনের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, বিষয়টি নিয়ে বিচলিত হওয়ার কারণ নেই। এটি কোনও বড় ত্রুটি নয়, বরং ডাটা এন্ট্রির সময় হওয়া যান্ত্রিক বিচ্যুতি হতে পারে! নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি পুনরায় যাচাই করে নিলে এই সমস্যার সমাধান সম্ভব। তবে, মেহতাব ও নবীর মতো পরিচিত মুখদের ক্ষেত্রে এই ধরনের ভুল যে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে, তা মানছেন অনেকেই।
এখন দেখার, ১০ মার্চের সময়সীমার মধ্যে এই ত্রুটি সংশোধন করে তাঁদের পূর্ণ ভোটাধিকার নিশ্চিত করা হয় কিনা।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন