মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবার এক ভয়াবহ মোড় নিল। আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলার পালটা দিতে গিয়ে বিশ্ববাণিজ্যের অন্যতম প্রধান ধমনী ‘হরমুজ প্রণালী’ কার্যত বন্ধ করে দিল তেহরান। শুধু পথ আটকানোই নয়, ইরানের রেভোলিউশনারি গার্ডের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে— কেউ এই জলপথ দিয়ে যাওয়ার চেষ্টা করলেই সেই জাহাজে আগুন ধরিয়ে দেওয়া হবে।
গত শনিবার থেকে শুরু হওয়া উত্তেজনার জেরে ইরান এই কৌশলগত জলপথটি অবরুদ্ধ করে রেখেছে। রেভোলিউশনারি গার্ডের কমান্ডার-ইন-চিফের উপদেষ্টা ইব্রাহিম জাবারি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরানের নৌসেনা এখন পূর্ণ সতর্কতায় রয়েছে। যেকোনো জাহাজ এই নির্দেশ অমান্য করলে তা ধ্বংস করে দেওয়া হবে। ইতিমধ্যেই কয়েকটি জাহাজে হামলার খবর মেলায় বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে।
হরমুজ প্রণালী হলো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তৈলবাহী পথ। বিশ্বব্যাপী তেল রফতানির প্রায় ২০ শতাংশই এই ৩৩ কিলোমিটার সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়। সৌদি আরব, ইরাক ও সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশগুলোর জ্বালানি রফতানি এই পথের ওপর নির্ভরশীল। এই পথ দীর্ঘকাল বন্ধ থাকলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আকাশছোঁয়া হওয়ার আশঙ্কা রয়েছে।
নয়াদিল্লির কপালে চিন্তার ভাঁজ পড়ার যথেষ্ট কারণ আছে। কারণ ভারতের মোট তেল আমদানির প্রায় ৫০ শতাংশই আসে এই হরমুজ প্রণালী হয়ে। প্রতিদিন প্রায় ২৫-২৭ লক্ষ ব্যারেল তেল এই পথ দিয়েই ভারতে পৌঁছায়। যদিও কূটনৈতিক সূত্রে দাবি করা হয়েছে যে এখনই বড় কোনো সংকটের কারণ নেই, তবে এই অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে ভারতের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতি বড়সড় ধাক্কা খেতে পারে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন