তেহরান ও বেইরুট: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যু সংবাদ ঘোষণা হতেই অগ্নিগর্ভ হয়ে উঠল গোটা পশ্চিম এশিয়া। খামেনেইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে এবার ইজরায়েলে সরাসরি হামলা শুরু করল ইরানের ঘনিষ্ঠ মিত্র গোষ্ঠী হিজবুল্লা। এর ফলে লেবাননও কার্যত এই বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়ল। রবিবার রাত থেকে শুরু হওয়া এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন খাদের কিনারায়।
রবিবার গভীর রাতে ইজরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়তে শুরু করে হিজবুল্লা। সোমবার ভোর হতেই তার কড়া জবাব দিতে শুরু করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। লেবাননের রাজধানী বেইরুটের একাধিক হিজবুল্লা অধ্যুষিত এলাকায় মুহুর্মুহু বোমা আছড়ে পড়ছে। ইজরায়েল সেনার দাবি, তাদের হামলায় বেইরুটে হিজবুল্লার বেশ কয়েকজন শীর্ষ নেতার মৃত্যু হয়েছে। সাধারণ মানুষকে ঘর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে বেইরুটের রাস্তায় দিশাহারা মানুষের ভিড় দেখা যাচ্ছে। যদিও লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম হিজবুল্লার এই পদক্ষেপকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে সমালোচনা করেছে
গত শনিবার ইজরায়েল ও মার্কিন যৌথ বাহিনীর হামলায় খামেনেইয়ের মৃত্যুর পর থেকেই উত্তেজনা চরমে। প্রতিবাদে ইরানও পাল্টা হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি, বাহরিন ও কাতারের মার্কিন ঘাঁটিগুলোতে। এমনকি দুবাই বিমানবন্দর ও বুর্জ খলিফা এলাকাতেও আতঙ্ক ছড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানে শান্তি ফেরাতে আরও অন্তত এক সপ্তাহ বোমাবর্ষণ জারি রাখবে তাদের সেনা। অন্যদিকে, ইরানে খামেনেইয়ের উত্তরসূরি হিসেবে আপাতত অন্তর্বর্তী কাউন্সিলের প্রধান করা হয়েছে আলিরেজা আরাফিকে।
খামেনেইয়ের মৃত্যুর আঁচ এসে পড়েছে পাকিস্তানেও। করাচিতে মার্কিন কনসুলেট ঘেরাও করে বিক্ষোভ চলাকালীন গুলিতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই মার্কিন-ইজরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা করেছেন। এই ভয়াবহ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলে দ্রুত সংঘর্ষ থামানোর আর্জি জানিয়েছেন, যদিও খামেনেইয়ের মৃত্যু নিয়ে ভারত এখনও সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি।
সব মিলিয়ে, এক নেতার মৃত্যুতে গোটা পশ্চিম এশিয়া এখন বিশ্বযুদ্ধের আশঙ্কায় কাঁপছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন