নয়াদিল্লি: শিক্ষাক্ষেত্রে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল দেশের শীর্ষ আদালত। বৃহস্পতিবার এক ঐতিহাসিক শুনানিতে অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞানের নতুন এনসিইআরটি (NCERT) পাঠ্যবইটি দেশে ও বিদেশে সম্পূর্ণ নিষিদ্ধ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। পাঠ্যবইয়ে ‘বিচারব্যবস্থায় দুর্নীতি’ সংক্রান্ত একটি বিতর্কিত অধ্যায় থাকাকে কেন্দ্র করেই এই কড়া পদক্ষেপ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির ডিভিশন বেঞ্চ এই ঘটনাকে ‘গভীর ষড়যন্ত্র’ এবং ‘সুপরিকল্পিত কাজ’ বলে অভিহিত করেছে। আদালতের পর্যবেক্ষণ, এই ধরনের বিষয়বস্তু বিচারবিভাগীয় প্রতিষ্ঠানকে খাটো করার একটি পরিকল্পিত অপচেষ্টা। প্রধান বিচারপতি স্পষ্ট ভাষায় জানান, “যে কেউ এই প্রতিষ্ঠানকে (বিচারব্যবস্থা) অসম্মান করবে, তা মেনে নেওয়া হবে না।”
আদালত শুধুমাত্র বইটি নিষিদ্ধ করেই ক্ষান্ত হয়নি। সেইসঙ্গে, বাজার থেকে এই বইয়ের সমস্ত কপি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। এছাড়াও ইন্টারনেটে এই বইয়ের পিডিএফ সংস্করণ বা আংশিক কোনও অংশ শেয়ার করার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম থেকে এই বিতর্কিত বইটির ডিজিট্যাল কপি সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
কেন এই বইয়ের বিরুদ্ধে আগে আইনি পদক্ষেপ করা হয়নি, তা জানতে চেয়ে স্কুলশিক্ষা বিভাগের সচিব এবং এনসিইআরটির ডিরেক্টর দীনেশ প্রসাদ সাকলানিকে ‘কারণ দর্শানোর’ (Showcause) নোটিশ পাঠিয়েছে আদালত। যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। কিন্তু, এনসিইআরটির দেওয়া বয়ানে ‘ক্ষমা’ শব্দের উল্লেখ না থাকায় আদালত ক্ষোভ প্রকাশ করেছে।
অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞান বইটিতে বিচারব্যবস্থায় দুর্নীতির প্রসঙ্গটি যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা ঘিরেই মূলত বিতর্কের সূত্রপাত। বুধবারই এই বিষয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি। আদালতের মতে, পাঠ্যবইয়ের মাধ্যমে কিশোর মনে বিচারব্যবস্থা সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করা আদালত অবমাননারই শামিল।
এই রায়ের ফলে এনসিইআরটির পাঠ্যবই সংশোধন এবং প্রকাশনা প্রক্রিয়ার উপর বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হল।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন