শিলিগুড়ি: বৃহস্পতিবার সকালে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, বেলা ১১টা ৩৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৬।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল সিকিমের গিয়ালশিং এলাকায়, ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। সিকিমে কম্পনের মাত্রা বেশি থাকলেও এর প্রভাব পড়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলাতেও। কম্পন অনুভূত হতেই পাহাড় ও সমতলের বাসিন্দাদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়ায়। তবে, তীব্রতা তুলনামূলক কম থাকায় এখনও পর্যন্ত কোনও বড়সড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
উল্লেখ্য, চলতি ফেব্রুয়ারি মাসেই এই নিয়ে একাধিকবার কেঁপে উঠল হিমালয় সংলগ্ন এই অঞ্চল। মাসের শুরুতেই ৫ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে রাবাংলা সংলগ্ন এলাকায় প্রায় ১৩ বার ছোট-বড় কম্পন রেকর্ড করা হয়েছিল। বারবার এই ভূ-কম্পন পর্যটন মরশুমে সিকিম ও পাহাড়ে আসা পর্যটকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
প্রসঙ্গত, সিকিমকে বর্তমানে উচ্চ সংবেদনশীল ‘সিসমিক জ়োন’-এর অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিনের ঘটনার পর সিকিম ও উত্তরবঙ্গ প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে, পাহাড়ি এলাকায় ধস বা অন্য কোনও প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন