কলকাতা: পূর্ব কলকাতার জলাভূমি রক্ষা এবং সেখানে গজিয়ে ওঠা কয়েকশো বেআইনি নির্মাণ ভাঙার মামলায় এবার কড়া পদক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার এবং কলকাতা পুরনিগমের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে এই মামলায় স্বরাষ্ট্র মন্ত্রককে যুক্ত করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিংহ। তাঁর হুঁশিয়ারি, রাজ্য যদি আদালতের নির্দেশ কার্যকর করতে ব্যর্থ হয়, তাহলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ওই সব অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়া হবে।
পূর্ব কলকাতার জলাভূমি এলাকায় ৫০০-রও বেশি বেআইনি নির্মাণ হয়েছে বলে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা রুজু করা হয়েছিল। সেই মামলায় ইতিপূর্বে বিচারপতি সিংহ নির্দেশ দিয়েছিলেন, পুলিশের সহযোগিতা নিয়ে পুরনিগমকে ওই নির্মাণগুলি ভাঙতে হবে। কিন্তু, সোমবার দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের জমা দেওয়া রিপোর্টে দেখা যায়, বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি!
এর জেরে বিরক্তি প্রকাশ করে বিচারপতি সিংহ মন্তব্য করেন, “বাস্তবে কোনও কাজ হচ্ছে না। অথচ, একের পর এক রিপোর্ট জমা পড়ছে। আমি আর রিপোর্ট দেখতে চাই না। আমি দেখতে চাই আদালতের নির্দেশ মেনে কাজ হয়েছে।”
শুনানি চলাকালীন পূর্ব কলকাতা জলাভূমি কর্তৃপক্ষ জানায়, চৌবাগা-সহ একাধিক জায়গায় অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে তারা প্রবল জনবিক্ষোভের মুখে পড়েছে। এমনকী, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলেও বাধার সম্মুখীন হতে হচ্ছে।
এই যুক্তিতে কান না দিয়ে বিচারপতি জানান, একাধিকবার নির্দেশ সত্ত্বেও রাজ্য ও পুরনিগম পদক্ষেপ করছে না। তিনি স্পষ্ট করে দেন, রাজ্য যদি আইন-শৃঙ্খলা বজায় রেখে আদালতের নির্দেশ পালন করতে না পারে, তাহলে কেন্দ্রের সহযোগিতা নেওয়া হবে। পরিস্থিতির গুরুত্ব বিচার করেই এই মামলায় কেন্দ্রকে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত স্পষ্ট করেছে, জলাভূমি ভরাট করে তৈরি হওয়া কোনও বেআইনি নির্মাণকেই রেয়াত করা হবে না। এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ মার্চ। সেদিন স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে কোনও প্রতিনিধি আদালতে থাকেন কিনা, বা কোনও বক্তব্য পেশ করা হয় কিনা এবং রাজ্য নতুন কী পদক্ষেপ করে, সেদিকেই তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন