নয়াদিল্লি: ফ্রান্সের পর এবার স্পেন ও ফিনল্যান্ড। দিল্লিতে কৃত্রিম মেধা (AI) সম্মেলনের ফাঁকেই ইউরোপের দুই শক্তিশালী দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্পেনের প্রেসিডেন্ট পেড্রো স্যাঞ্চেজ এবং ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পোর সঙ্গে এই আলাপচারিতায় উঠে এল প্রতিরক্ষা, প্রযুক্তি এবং বিশেষ করে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে প্রস্তাবিত ‘মুক্ত বাণিজ্য চুক্তি’র (FTA) প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর মতে, এই চুক্তি ভারত-ইউরোপ সম্পর্কের এক নতুন ‘সুবর্ণ যুগ’ তৈরি করবে।
স্পেনের প্রেসিডেন্ট স্যাঞ্চেজের সঙ্গে বৈঠককে অত্যন্ত ‘ফলপ্রসূ’ বলে অভিহিত করেছেন মোদী। দু’দেশের মধ্যে নিরাপত্তা, প্রতিরক্ষা এবং অত্যাধুনিক প্রযুক্তি আদান-প্রদান নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকের নির্যাস হিসাবে প্রধানমন্ত্রী জানান, ২০২৬ সালকে ‘ভারত-স্পেন সংস্কৃতি, পর্যটন এবং কৃত্রিম মেধার বছর’ হিসাবে ঘোষণা করা হয়েছে। দুই দেশের মানুষের মধ্যে সংযোগ বাড়াতে ভারতের বিশ্ববিদ্যালয়গুলিতে স্পেনের প্রতিনিধিদের স্বাগত জানানো হবে। মুক্ত বাণিজ্য চুক্তি স্পেনের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্বকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
অন্যদিকে, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেত্তেরি অর্পোর সঙ্গে বৈঠকেও ইতিবাচক মোড় লক্ষ্য করা গিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের এই মেগা চুক্তিতে ফিনল্যান্ডের সমর্থনের জন্য পেত্তেরিকে ধন্যবাদ জানান মোদী। দুই দেশই বর্তমানে নিজেদের মধ্যেকার বাণিজ্যিক লেনদেন দ্বিগুণ করতে সচেষ্ট। এর ফলে দুই দেশের আর্থিক যোগসূত্র আরও দৃঢ় হবে বলে আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
গত ২৭ জানুয়ারি ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্যচুক্তি সংক্রান্ত আলোচনা চূড়ান্ত হওয়ার খবর দিয়েছিলেন প্রধানমন্ত্রী নিজেই। এদিন তিনি আবারও স্মরণ করিয়ে দেন, বিশ্ব অর্থনীতিতে এই চুক্তির গুরুত্ব অপরিসীম। এমনকী, আন্তর্জাতিক মহলে এই চুক্তিকে ‘সব চুক্তির জননী’ (Mother of all agreements) বলে অভিহিত করা হচ্ছে।
কৃত্রিম মেধা সম্মেলনের আয়োজক হিসাবে মোদীর ভূয়সী প্রশংসা করেছেন স্পেনের প্রেসিডেন্টও। তাঁর মতে, ভবিষ্যতের প্রযুক্তির প্রভাব নিয়ে ভারতের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। বিশেষজ্ঞদের মতে, ফ্রান্সের পর স্পেন ও ফিনল্যান্ডের সঙ্গে এই ঘনিষ্ঠতা প্রমাণ করছে, ব্রেক্সিট পরবর্তী সময়ে ইউরোপের দেশগুলি ভারতকে তাদের অন্যতম প্রধান বাণিজ্যিক ও কৌশলগত সহযোগী হিসেবে দেখতে চাইছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন