রাজ্যের বিভিন্ন সামাজিক প্রকল্পের ভাতার পরিমাণ ধাপে ধাপে বাড়ানো হলেও, কেন উপেক্ষিত রয়ে গেলেন প্রতিবন্ধীরা? এই প্রশ্ন তুলেই মঙ্গলবার নবগ্রাম বিডিও অফিসে স্মারকলিপি জমা দিতে এসে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার কয়েকশো বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ। তাঁদের অভিযোগ, সরকার ‘লক্ষ্মীর ভান্ডার’ থেকে শুরু করে খেতমজুরদের ভাতার দিকে নজর দিলেও, অসহায় এবং রাস্তায় বসবাসকারী প্রতিবন্ধীদের জন্য কিছুই ভাবেনি। এই বঞ্চনার প্রতিকার চাইতেই এদিন তাঁরা বিডিওর দ্বারস্থ হন।
তবে এদিন বিক্ষোভ চলাকালীন ব্লক অফিস চত্বরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। একদিকে ‘যুবসাথী’ ও ‘লক্ষ্মীর ভান্ডার’-এর ফর্ম ফিলাপের ভিড়, অন্যদিকে প্রতিবন্ধীদের এই বিক্ষোভ— দুইয়ের চাপে চরম ধাক্কাধাক্কি শুরু হয়। অভিযোগ, সেই বিশৃঙ্খলার মধ্যে পড়ে গিয়ে গুরুতর আহত হন এক প্রতিবন্ধী ব্যক্তি। তড়িঘড়ি তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আন্দোলনকারীদের সাফ কথা, “সবাই বাড়তি টাকা পাচ্ছে, কিন্তু আমরা কীভাবে সংসার চালাব? আমাদের কথা কি সরকার একবারও ভাববে না?”
এদিন নবগ্রাম ব্লক আধিকারিক ডেপুটেশন গ্রহণ করেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন। তবে প্রশাসনের এই বাঁধাধরা উত্তরে শান্ত হতে নারাজ প্রতিবন্ধীরা। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, দ্রুত ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া না হলে আগামী দিনে রাজ্যজুড়ে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তাঁরা।
বিষয় : WESTBENGAL TMC nabagram handicap #protest

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন