মায়াপুর: বঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই তপ্ত রাজনীতির ময়দান। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ—জনসভা ও কর্মসূচিতে শান দিচ্ছে গেরুয়া শিবির। আগামী মার্চ মাসে ব্রিগেড সমাবেশের কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তার আগেই ঝটিকা সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার তাঁর গন্তব্য নদিয়ার ইসকন মন্দির, মায়াপুর।
রাজনৈতিক মহলের মতে, বঙ্গ জয়ের লক্ষ্যে কোনো খামতি রাখতে চাইছে না বিজেপি নেতৃত্ব। বারাকপুর ও শিলিগুড়ির সভার পর এবার শাহের নজরে আধ্যাত্মিক আবেগ। আগামী ১৮ ফেব্রুয়ারি মায়াপুরে আসছেন তিনি। উপলক্ষ— ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ১৫২তম জন্মতিথি উৎসব।
একনজরে শাহের মায়াপুর সফর সূচি:
দুপুর ২টো: কলকাতা বিমানবন্দরে অবতরণ।
দুপুর ২টো ৩০ (আনুমানিক): সেনাবাহিনীর কপ্টারে মায়াপুরের অস্থায়ী হেলিপ্যাডে পৌঁছনো।
বিকেল: হেলিপ্যাড থেকে সড়কপথে প্রথমে ইসকনের শঙ্খভবন ও পরে পদ্মভবনে গমন।
বিশেষ বৈঠক: পদ্মভবনে মায়াপুরের সাধু-সন্তদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করার সম্ভাবনা রয়েছে তাঁর।
সন্ধ্যা: শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্মোৎসব অনুষ্ঠানে যোগদান এবং মন্দিরে শ্রীকৃষ্ণের আরতি দর্শন।
সামনেই দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা, যা উপলক্ষ্যে দেশ-বিদেশের লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে মায়াপুরে। এই আবহে অমিত শাহের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মতুয়া ভোটব্যাঙ্ক থেকে শুরু করে মায়াপুরের আধ্যাত্মিক আবেগকে স্পর্শ করে ভোটের বৈতরণী পার হওয়াই বিজেপির লক্ষ্য কি না, তা নিয়ে শুরু হয়েছে চর্চা।
স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই নদিয়া জেলা প্রশাসন ও পুলিশ মহলে তৎপরতা শুরু হয়েছে। মন্দির চত্বর ও যাতায়াতের পথে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। প্রশাসনিক আধিকারিকরা ইতিমধ্যেই এলাকা পরিদর্শন করে ম্যাপ তৈরি করেছেন।
হিডেন স্টোরিজ নিউজ

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন