কলকাতা: আবারও বিমানে বোমাতঙ্ক। এবারের ঘটনাস্থল কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। শনিবার সকালে ইন্ডিগোর কলকাতা-শিলং রুটের একটি বিমানে বোমা রাখা আছে বলে খবর রটে যায়। জানা গিয়েছে, ইন্ডিগোর ৬ই-৭৩০৪ (6E-7304) নম্বর বিমানে এই বোমাতঙ্ক ছড়ায়। এরপরই তড়িঘড়ি সমস্ত যাত্রীকে বিমান থেকে নামিয়ে সেটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়।
বিমানবন্দর সূত্রে খবর, ইন্ডিগোর ওই বিমানটি কলকাতা থেকে মেঘালয়ের শিলংয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। বোর্ডিং প্রক্রিয়া চলাকালীন বিমানের এক ক্রু মেম্বার শৌচাগারের ভেতরে একটি হাতে লেখা কাগজ দেখতে পান। সেই চিরকুটে লেখা ছিল, বিমানের ভিতর বোমা রাখা আছে।
এই 'হুমকি চিঠি'র কথা প্রকাশ্যে আসতেই বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সিআইএসএফ সক্রিয় হয়ে ওঠে। দেরি না করে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) মেনে একের পর এক পদক্ষেপগুলি করা হয়- প্রথমেই বিমানে থাকা সমস্ত যাত্রীদের অবিলম্বে সুরক্ষিতভাবে নামিয়ে আনা হয়। তারপর বিমানটিকে মূল রানওয়ে থেকে সরিয়ে নিরাপদ 'আইসোলেশন বে'-তে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে বিটিএসি (Bomb Threat Assessment Committee) এবং বম্ব স্কোয়াড বিমানটিতে তল্লাশি চালায়। যাত্রীদের মালপত্রও ফের স্ক্যান করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষের এক আধিকারিক জানিয়েছেন, "যাত্রীদের নিরাপত্তা আমাদের কাছে অগ্রাধিকার। প্রোটোকল অনুযায়ী সবরকম তল্লাশি চালানো হচ্ছে। এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবে, তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত বিমানটিকে উড়ান শুরু করার ছাড়পত্র দেওয়া হবে না।"
এই ঘটনার জেরে শিলংগামী যাত্রীদের মধ্যে সাময়িক আতঙ্ক তৈরি হয়। তবে, বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কে বা কারা ওই চিরকুট শৌচাগারে রেখেছিল, তা খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ ও যাত্রীতালিকা পরীক্ষা করা হচ্ছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন