হুগলি: হুগলির অন্যতম ঐতিহাসিক স্থান তথা পুণ্যতীর্থ ত্রিবেণীতে আয়োজিত ‘ত্রিবেণী কুম্ভ মহোৎসবে’ সামিল হলেন পশ্চিমবঙ্গর রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বৃহস্পতিবার বিভিন্ন আধ্যাত্মিক গুরু ও সাধু-সন্তদের সঙ্গে নিয়ে ত্রিবেণী তীর্থ দর্শনের পর এই বিশাল আয়োজনের ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল।
মহোৎসব প্রাঙ্গণে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের মতামত জানান। রাজ্যে আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি স্পষ্ট করে দেন যে, নির্বাচনী যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত। রাজ্যপাল বলেন, "নির্বাচন সংক্রান্ত বিষয়টি পুরোপুরি নির্বাচন কমিশনের উপর নির্ভর করছে। তারা যা সিদ্ধান্ত নেবে, সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে।" একইসঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে তিনি জানান, পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়াও বর্তমান পরিস্থিতিতে পুরোপুরি নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে রয়েছে।
জাতীয় সংগীতের আগে 'বন্দে মাতরম্' গান গাওয়ার বিষয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন রাজ্যপাল। তিনি জানান, কেন্দ্র সরকার যে নির্দেশিকা জারি করেছে, সেই অনুযায়ী আগামী দিনে এই গান পরিবেশন করা হবে। মূলত কেন্দ্রীয় গাইডলাইন মেনেই এই প্রক্রিয়া পরিচালিত হবে বলে তিনি বার্তা দেন।
এদিন, সংশ্লিষ্ট কুম্ভ মেলা কমিটির আয়োজনে মুগ্ধ হয়ে রাজ্যপাল জানান, ত্রিবেণীর মতো একটি পবিত্র প্রাচীন তীর্থস্থানে কুম্ভের মতো মহোৎসব আয়োজন বাংলার কৃষ্টি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করছে। আধ্যাত্মিক চেতনার এই জাগরণ সাধারণ মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন