কলকাতা: মহারাষ্ট্রে কাজ করতে গিয়ে ফের প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিক। নিহতের নাম সুখেন মাহাত। তাঁর বাড়ি পুরুলিয়ার বান্দোয়ানে। অভিযোগ, শুধুমাত্র 'বাংলায় কথা বলার অপরাধে' পুণেতে তাঁকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নিজের ক্ষোভ ও শোক উগরে দেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, "এই বর্বরোচিত হত্যাকাণ্ডে আমি মর্মাহত, ক্ষুব্ধ এবং ব্যথিত। একজন যুবককে তাঁর ভাষা, পরিচয় এবং শিকড়ের জন্য অত্যাচার করে হত্যা করা হল। এটি একটি অত্যন্ত ঘৃণ্য অপরাধ।" একইসঙ্গে, তিনি শোকাতপ্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে জানান, ন্যায়বিচার নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকার সব ধরনের পদক্ষেপ করবে।
স্থানীয় সূত্রে খবর, সুখেন মাহাত পুণেতে কর্মরত ছিলেন এবং তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁর মুখ ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে, তা এখনও স্পষ্ট না হলেও তৃণমূলের দাবি, ভাষাগত বিদ্বেষ থেকেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ইতিমধ্যেই পুরুলিয়ার স্থানীয় তৃণমূল নেতৃত্ব নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্র-সহ বিভিন্ন বিজেপি-শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হামলার ঘটনা বারবার সামনে আসছে। গত মাসেই মহারাষ্ট্রে এক রাজমিস্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছিল। সেখানেও খুনের কারণ হিসাবে 'বাংলায় কথা বলা'কে দায়ী করা হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই পুণের এই ঘটনা আন্তঃরাজ্য শ্রমিক নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন তুলে দিল।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন