কাকদ্বীপ: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই বড়সড় রাজনৈতিক সংকটের মুখে দক্ষিণ ২৪ পরগণার শাসকদল। কাকদ্বীপের বর্তমান বিধায়ক মন্টুরাম পাখিরার বিরুদ্ধে একগুচ্ছ দুর্নীতি এবং খুনের অভিযোগ তুলে এলাকায় পোস্টার পড়ায় চরম অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। পোস্টারগুলোতে স্পষ্ট লেখা— ‘সৌজন্যে: বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকবৃন্দ’।
পোস্টারগুলিতে বিধায়ক মন্টুরাম পাখিরার বিরুদ্ধে তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বুদ্ধদেব দাসের খুনে জড়িত থাকার গুরুতর অভিযোগ তোলা হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে দলের ভেতরের বিবাদ এখন প্রকাশ্যে। বিক্ষুব্ধ শিবিরের দাবি, খুনের ঘটনায় বিধায়কের মদত ছিল, যা নিয়ে দীর্ঘদিনের চাপা উত্তেজনা এখন বিদ্রোহের রূপ নিয়েছে।
সূর্যনগর, মধুসূদনপুর, নারায়ণপুর এবং স্বামী বিবেকানন্দ পঞ্চায়েতসহ কাকদ্বীপের বিভিন্ন এলাকায় দেওয়ালে দেওয়ালে দুর্নীতির তালিকা তুলে ধরা হয়েছে। পোস্টারগুলোতে দাবি করা হয়েছে: সরকারি প্রকল্পের টাকায় ব্যাপক নয়ছয় হয়েছে। কাজ না করেই প্রকল্পের বিল বের করে নেওয়া হয়েছে। দলীয় প্রভাব খাটিয়ে নিজেদের পছন্দের লোকেদের উপভোক্তা তালিকায় নাম ঢোকানো হয়েছে।
বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের সাফ কথা, আগামী নির্বাচনে মন্টুরাম পাখিরাকে কোনোভাবেই প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না। তাঁদের দাবি, "যদি তাঁকে পুনরায় টিকিট দেওয়া হয়, তবে তিনি লক্ষাধিক ভোটে হারবেন।" এমনকি প্রার্থী বদল না করা হলে ভোট বয়কটের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে পোস্টারগুলোতে।
এই বিষয়ে বিধায়ক মন্টুরাম পাখিরা বা স্থানীয় তৃণমূল নেতৃত্বের সাথে যোগাযোগ করা হলে তাঁরা সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক অংশ দাবি করেছে, এটি বিরোধীদের চক্রান্ত। অন্যদিকে, মথুরাপুর সাংগঠনিক জেলা বিজেপির জেলা কমিটির সদস্য অভিজিৎ মণ্ডল বিধায়ককে তীব্র আক্রমণ করে বলেন,
"কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত। এর জন্য আমাদের পোস্টার লাগানোর দরকার নেই, আমরা প্রতিটি কর্মসূচিতে এই কথা বলে আসছি। এই পোস্টার বিজেপি বা অন্য কোনো দল লাগায়নি, এটি ওদের নিজেদের কোন্দল।"
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে কাকদ্বীপে তৃণমূলের এই অভ্যন্তরীণ বিদ্রোহ এবং পোস্টার যুদ্ধ দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। পঞ্চায়েত স্তর থেকে শুরু করে খোদ বিধায়কের বিরুদ্ধে এই ক্ষোভ প্রশমিত করা এখন ঘাসফুল শিবিরের জন্য অগ্নিপরীক্ষা।
বিষয় : TMC BIDHANSOBHAELECTION congress

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন