বারুইপুর: নিজেকে সিবিআই-এর (CBI) সাব-ইন্সপেক্টর পরিচয় দিয়ে ১৪ বছরের এক নাবালিকাকে প্রেমের জালে ফাঁসানো, অপহরণ এবং দিনের পর দিন যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। বারুইপুর থানার পুলিশ কেবল অভিযুক্তকে ধরলই না, তার ডেরা থেকে অপহৃত নাবালিকাকেও উদ্ধার করতে সক্ষম হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম কুণাল কশ্যপ দাস। সে বালিগঞ্জ এলাকার বাসিন্দা। অভিযোগ, প্রায় চার মাস আগে ওই নাবালিকাকে অপহরণ করে সে ঠাকুরপুকুর এলাকায় একটি ভাড়া বাড়িতে আটকে রেখেছিল। গত ২২ জানুয়ারি নাবালিকার পরিবারের পক্ষ থেকে বারুইপুর থানায় অপহরণের লিখিত অভিযোগ দায়ের করা হয়।
তদন্তে জানা গেছে, কুণালের প্রতারণার ধরণ ছিল অত্যন্ত সুপরিকল্পিত। সে নিজেকে সিবিআই-এর সাব-ইন্সপেক্টর বলে পরিচয় দিয়ে নাবালিকা মেয়েদের টার্গেট করত। ছয় মাস আগে সে বারুইপুরের মল্লিকপুর এলাকায় নাবালিকার বাড়ির কাছেই একটি ঘর ভাড়া নেয়। সেখানে নিজেকে বড় কেন্দ্রীয় আধিকারিক হিসেবে জাহির করে এবং নানা প্রলোভন দেখিয়ে নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সুযোগ বুঝে সে মেয়েটিকে নিয়ে চম্পট দেয়।
অভিযোগ পাওয়ার পর বারুইপুর থানার এসআই সুকুমার রুইদাসের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ঠাকুরপুকুর এলাকায় তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করে এবং কুণালকে গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকে একটি ভুয়ো সিবিআই আই-কার্ড (I-Card) ও জাল ভোটার কার্ড উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, কুণাল যে এলাকায় ভাড়া থাকত, মূলত সেখানকার নাবালিকা মেয়েদেরই সে শিকার বানাত। এই চক্রে আর কেউ জড়িত আছে কি না কিংবা কুণাল আরও কোনো মেয়ের সঙ্গে একই ধরণের প্রতারণা করেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে অপহরণ ও যৌন নির্যাতন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
বিষয় : CBI SUBINSPECTOR BARUIPUR FRAUD UNDERAGED GIRL

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন