কলকাতা: বিধানসভা নির্বাচনের দামামা বাজার ঠিক আগেই রাজ্যের শিক্ষিত বেকারদের জন্য বড় ঘোষণা কার্যকর করার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন থেকে তিনি জানান, আগামী ১ এপ্রিল থেকেই রাজ্যে কার্যকর হতে চলেছে ‘যুবসাথী’ প্রকল্প। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে ১,৫০০ টাকা করে বেকার ভাতা পাবেন রাজ্যের লক্ষ লক্ষ যুবক-যুবতী (১৮ থেকে ৪০ বছর বয়সী)। আগামী পাঁচ বছরের জন্য তাঁদের এই ভাতা দেওয়া হবে।
এই প্রকল্পের জন্য বিশেষ ক্যাম্পের আয়োজন করছে রাজ্য সরকার। অনেকটা 'দুয়ারে সরকার'-এর ধাঁচে বিধানসভাভিত্তিক এই ক্যাম্পগুলি চলবে আগামী ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রয়োজনীয় নথিসহ আবেদন জমা দেওয়া যাবে এবং তৎক্ষণাৎ রসিদ দেওয়া হবে।
রাজনৈতিক মহলের মতে, আগে এই প্রকল্প আগামী অগস্ট মাস থেকে চালু হওয়ার কথা থাকলেও হঠাৎ তা এগিয়ে এপ্রিলে নিয়ে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সামনেই ভোট। আর, তার আগে এই তড়িঘড়ি নেওয়া সিদ্ধান্তকে বিরোধীরা 'ভোট কেনার চেষ্টা' হিসাবেই দেখছেন।
সমালোচকদের দাবি, রাজ্যে শিল্পায়ন এবং কর্মসংস্থান তৈরিতে গত প্রায় দেড় দশকে কার্যত ব্যর্থ তৃণমূল সরকার। স্থায়ী চাকরির বদলে যুব সমাজকে সামান্য কিছু টাকা দিয়ে মুখ বন্ধ রাখার এই কৌশল আসলে উন্নয়নের দৈন্যদশাই প্রকট করছে। কর্মসংস্থান দিতে না পেরে এভাবেই খয়রাতির মাধ্যমে যুব সমাজকে নিজেদের পালে টানতে চাইছে শাসক দল — এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। বেকারত্ব ঘোচানোর স্থায়ী সমাধান না করে ১,৫০০ টাকার ভাতার এই টোপ আদতে রাজ্যের কোষাগারে বাড়তি চাপ এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন তাঁরা।
বিষয় : Yuva Sathi

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন