দিল্লি: ফের বোমাতঙ্কে কেঁপে উঠল রাজধানী। সোমবার সকাল থেকে দিল্লির অন্তত ১০টি নামী স্কুলে ইমেলের মাধ্যমে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়। তবে আতঙ্ক শুধু স্কুলেই সীমাবদ্ধ থাকেনি; হুমকি ইমেলে সরাসরি নিশানায় রাখা হয়েছে ভারতীয় সংসদ ভবনকেও। ঘটনার পর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ ও বম্ব স্কোয়াড।
জানা গেছে, প্রেরকের নামের জায়গায় লেখা রয়েছে ‘খলিস্তান ন্যাশনাল আর্মি’। ইমেলটিতে অত্যন্ত উস্কানিমূলক বার্তা দেওয়া হয়েছে, যেখানে খলিস্তানপন্থী বক্তব্যের পাশাপাশি কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতা আফজল গুরুর প্রসঙ্গও টানা হয়েছে। ইমেলে দাবি করা হয়েছে, সোমবার দুপুর ১টা ১১ মিনিটে স্কুলগুলিতে বিস্ফোরণ হবে।
সবথেকে ভীতিপ্রদ তথ্য হলো, আগামী ১৩ ফেব্রুয়ারি ঠিক একই সময়ে 'হিন্দুস্তানি পার্লামেন্ট' বা ভারতীয় সংসদ ভবনেও বিস্ফোরণ ঘটানোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে ওই বার্তায়।
হুমকি পাওয়ার পরপরই স্কুল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। তড়িঘড়ি স্কুল চত্বর খালি করে শুরু হয় তল্লাশি অভিযান। বম্ব স্কোয়াডের পাশাপাশি ঘটনাস্থলে মোতায়েন করা হয় দমকল বাহিনী। পুলিশ জানিয়েছে, প্রতিবেদনটি লেখা পর্যন্ত কোনো স্কুল থেকেই সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি। তবে বিষয়টিকে হালকাভাবে নিতে নারাজ প্রশাসন।
দিল্লিতে এই ধরনের ভুয়ো ইমেল বা 'হকস কল' (Hoax Call) এই প্রথম নয়। গত বছরের অগস্টে স্বাধীনতা দিবসের ঠিক পরেই প্রায় ৫০টি স্কুলে একই ধরনের হুমকি ইমেল পাঠানো হয়েছিল। নভেম্বরে লালকেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণের পর বিভিন্ন নিম্ন আদালতে বোমাতঙ্ক ছড়ানো হয়েছিল। বারবার কেন রাজধানীকেই নিশানা করা হচ্ছে এবং এই 'খলিস্তান ন্যাশনাল আর্মি'র নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে গোয়েন্দা বিভাগ। আপাতদৃষ্টিতে এটি ভুয়ো হুমকি মনে হলেও, সংসদ ভবনের নাম থাকায় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো শহর।
হিডেন স্টোরিজ নিউজ
বিষয় : delhi SCHOOL DELHI POLICE

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন