কলকাতা: দক্ষিণ কলকাতার বাসিন্দাদের জন্য জরুরি খবর। পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ৩১ জানুয়ারি, শনিবার দক্ষিণ কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। গার্ডেনরিচ জলপ্রকল্প ও তার আওতাধীন বুস্টার পাম্পিং স্টেশনগুলিতে এই মেরামতির কাজ চলবে।
কলকাতা পুরনিগম সূত্রে জানানো হয়েছে, শনিবার সকালে জল সরবরাহ সাময়িকভাবে স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষেবা বন্ধ হয়ে যাবে। সেই অনুসারে -
শনিবার সকাল: ভোর ৬টা থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত জল পাওয়া যাবে।
শনিবার বেলা ১০টার পর: সারাদিন ও সন্ধ্যায় জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
পরিষেবা স্বাভাবিক: ১ ফেব্রুয়ারি, রবিবার সকাল থেকে পুনরায় জল সরবরাহ স্বাভাবিক হবে।
মূলত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব কলকাতার মোট ৯টি বোরো এলাকায় আংশিক বা সম্পূর্ণভাবে জল পরিষেবা ব্যাহত হবে। এই এলাকাগুলর মধ্যে রয়েছে - যাদবপুর ও টালিগঞ্জ এলাকার রানিকুঠি, গরফা, গল্ফগ্রিন, লায়েলকা ও বাঁশদ্রোণী। বেহালা ও সংলগ্ন এলাকার পর্ণশ্রী, সিরিটি, সেনপল্লি, শকুন্তলা পার্ক ও ঠাকুরপুকুর-জোকা। এছাড়াও, কালীঘাট, চেতলা, কসবা, মেটিয়াবুরুজ, গান্ধী ময়দান ও প্রফুল্ল পার্ক এলাকাতেও পানীয় জলের সরবরাহ ব্যাহত হবে।
পুরনিগমের পানীয় জল সরবরাহ বিভাগ জানিয়েছে, বছরের বিভিন্ন সময় জল সরবরাহ ব্যাবস্থার যন্ত্রাংশ ও পাম্পিং স্টেশনগুলি পরীক্ষা করতে হয়। এছাড়া, সম্প্রতি কয়েকটি জায়গায় পাইপলাইনে ফাটল ও ছিদ্র ধরা পড়েছে। যার ফলে প্রচুর পরিমাণে পরিশ্রুত জল নষ্ট হচ্ছে। এই অপচয় রোধ করতেই যুদ্ধকালীন তৎপরতায় এই মেরামতির কাজ হাতে নেওয়া হয়েছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন