জলপাইগুড়ি: সল্টলেকের দত্তাবাদের স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ ও খুনের মামলায় নাম জড়ানোয় অবশেষে অপসারিত হলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তাঁকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে রাজগঞ্জের নতুন বিডিও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মানস দাসকে।
গত ২৯ অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি এলাকা থেকে স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যার দেহ উদ্ধার হয়। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ এই ঘটনার অন্যতম মূল ষড়যন্ত্রকারী। পুলিশের তদন্তে তাঁর নাম উঠে আসার পর থেকেই তিনি বিতর্কের কেন্দ্রে ছিলেন।
এই মামলায় গ্রেফতারি এড়াতে প্রশান্ত বর্মণ কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন। কিন্তু, আদালত তাঁর আবেদন খারিজ করে দেয় এবং তাঁকে ৭২ ঘণ্টার মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এরপর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও শীর্ষ আদালত তাঁকে কোনও স্বস্তি দেয়নি এবং আগামী শুক্রবারের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।
বিডিও-র মতো একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে থেকে খুনের মতো গুরুতর অপরাধে নাম জড়ানোয় রাজ্য সরকার এই মামলায় বেজায় অস্বস্তিতে পড়েছিল। কর্মক্ষেত্রে তাঁর অনুপস্থিতি এবং আইনি জট তৈরি হওয়ার পর প্রশাসনিক কাজের গতি বজায় রাখতে নবান্ন তাঁকে পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয়।
বর্তমানে প্রশান্ত বর্মণ পলাতক বলেই মনে করা হচ্ছে। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী তাঁর আত্মসমর্পণের অপেক্ষায় রয়েছে।
হিডেন স্টোরিজ নিউজ
বিষয় : পশ্চিমবঙ্গ

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন