কল্যাণী: সপ্তাহ শুরু হতেই ফের উত্তপ্ত নদীয়ার কল্যাণী। সোমবার কল্যাণী মহকুমা শাসকের (SDM) দপ্তরের সামনে বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে ঘিরে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে।
গত কয়েকদিন ধরেই ভোটার তালিকা সংক্রান্ত 'ফর্ম ৭' (নাম বাদ দেওয়া সংক্রান্ত আবেদন) জমা দেওয়াকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে বিবাদ চলছিল। অভিযোগ, আজ বিজেপি বিধায়ক অম্বিকা রায় মহকুমা শাসকের দপ্তরে পৌঁছলে তাঁকে লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মীরা। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তৃণমূল কর্মীরা বিধায়ককে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
স্থানীয় সূত্রের খবর, মহকুমা শাসকের দপ্তরের মতো সংবেদনশীল এলাকায় এই উত্তেজনা ছড়ালেও পুলিশ কার্যত 'নীরব দর্শক' হয়ে দাঁড়িয়ে ছিল। বিজেপি নেতৃত্বের অভিযোগ, বিধায়ককে হেনস্থা করা হলেও পুলিশ সক্রিয় কোনো ভূমিকা নেয়নি। অন্যদিকে, তৃণমূল শিবিরের দাবি, বিজেপি বিধায়ক নিয়ম বহির্ভূতভাবে এলাকায় উত্তেজনা ছড়াতে এসেছিলেন।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই কল্যাণী মহকুমা শাসকের দপ্তরের ভেতরে ও বাইরে বিজেপি এবং তৃণমূলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও উত্তেজনা চলছে। মূলত ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার আবেদন বা ফর্ম ৭ জমা দেওয়া ঘিরেই এই দুই রাজনৈতিক দলের সংঘাত চরমে পৌঁছেছে। আজকের ঘটনার পর এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন