বিএমসি নির্বাচনে বিজেপি ও তার জোটসঙ্গীদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আনুষ্ঠানিকভাবে ভোটের চূড়ান্ত ফল ঘোষণার আগেই মহাযুতি জোটের জয় একপ্রকার নিশ্চিত হয়ে যায়। যার জেরে মোদী তাঁর এক্স বার্তায় লেখেন, "মহারাষ্ট্রের প্রতিটি কোণে মানুষের এই আশীর্বাদ আমাদের উন্নয়নমূলক রাজনীতির প্রতি তাঁদের অটুট বিশ্বাসের প্রমাণ। বিজেপির এই বিপুল জয় সুশাসনের প্রতীক। জয়ী প্রার্থীদের অভিনন্দন এবং কঠোর পরিশ্রমের জন্য দলের কর্মীদের জানাই কুর্নিশ।"
প্রসঙ্গত, বিএমসিতে ম্যাজিক ফিগার হল ১১৪। শেষ পাওয়া খবর অনুসারে, ভারতের সবচেয়ে ধনী পৌরসংস্থা বিএমসি-তে মহাযুতি জোট ১২০টিরও বেশি আসনে লিড নিয়ে ইতিমধ্যেই কার্যত সংখ্যাগরিষ্ঠতা অতিক্রম করে ফেলেছে। অন্যদিকে, দীর্ঘ প্রায় তিন দশক পর এই বৃহন্মুম্বই পুরনিগমের দখল হারাল উদ্ধব ঠাকরের শিবসেনা। বিজেপি এবার মুম্বইয়ের একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে, রাজ্যের ২৯টি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে ২৫টিতেই মহাযুতি বোর্ড গঠন করতে চলেছে।
উল্লেখ্য, পুণে এবং নাগপুর পুরনিগমেও বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতা ধরে রেখেছে। পাওয়ার পরিবারের গড় হিসেবে পরিচিত পুণেয় বিরোধীরা তেমন সুবিধাই করতে পারেনি! অন্যদিকে, লাতুর এবং কোলাপুরের মতো কয়েকটি জায়গায় কংগ্রেস ভালো ফল করেছে এবং সেখানে তাদের মেয়র হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে, একনাথ শিন্ডের নিজের শহর থানেতেও মহাযুতি জোট অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে রয়েছে। নাসিকেও বিজেপি বড় ব্যবধানে জয়লাভ করেছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন