আলিপুরদুয়ার: উত্তরবঙ্গ জুড়ে মাদক পাচারকারীদের জাল ভাঙতে তৎপর জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এক বিশেষ অভিযান চালিয়ে আলিপুরদুয়ারের বীরপাড়া থানা এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে, যার কাছ থেকে কয়েক হাজার মাদক ক্যাপসুল উদ্ধার হয়েছে।
বীরপাড়া থানার পুলিশের কাছে খবর ছিল যে, শহরের একটি ভাড়া বাড়িতে বড়সড় মাদকের কারবার চলছে। সেই খবরের ভিত্তিতেই পুলিশ বীরপাড়া টাউন এলাকায় ওত পেতে ছিল। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাড়িতে হানা দেয় পুলিশবাহিনী। তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। উদ্ধার হয় মোট ২৮টি বাক্স ভর্তি নিষিদ্ধ ড্রাগস।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে মোট ৬,৭২০টি 'পাইভন স্পাস প্লাস'ক্যাপসুল। চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ক্যাপসুল বিক্রি বা মজুত করা আইনত দণ্ডনীয়। মাদক হিসেবে এই ক্যাপসুলের অপব্যবহার রুখতেই পুলিশ এই ঝটিকা অভিযান চালায়। ধৃত মহিলার কাছ থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত আরও কিছু নথি ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, আলিপুরদুয়ার বা বীরপাড়াকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে এই মাদক ভুটান বা ডুয়ার্সের অন্যান্য প্রান্তে পাচারের পরিকল্পনা ছিল। এই চক্রের পেছনে আরও বড় কোনো মাথা কাজ করছে কি না, তা খতিয়ে দেখছেন বীরপাড়া থানার আধিকারিকরা। ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের মূল পান্ডাদের হদিশ পাওয়ার চেষ্টা চলছে।
আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, 'সেফ ড্রাইভ সেভ লাইফ'-এর পাশাপাশি মাদক মুক্ত সমাজ গড়তে এই ধরণের অপারেশন লাগাতার চালানো হবে। বিশেষ করে বীরপাড়া, ফালাকাটা এবং জয়গাঁর মতো সীমান্ত এলাকাগুলিতে নাকা চেকিং এবং গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন