জমি সংক্রান্ত গোলমালে অভিযুক্তদের ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালির ন্যাজাট থানার অন্তর্গত বয়ারমারি এলাকায়। ঘটনায় ১ অফিসার-সহ তিন পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িতেও।
অভিযোগের আঙুল ন্যাজাট থানার রাজবাড়ি পুলিশ ফাঁড়ি এলাকার বাসিন্দা, তৃণমূল কর্মী হিসেবে এলাকায় পরিচিত মুসা মোল্লা এবং তাঁর অনুগামীদের দিকে। একটি জমিতে বেআইনি নির্মাণের অভিযোগ পেয়ে তা রুখতে যায় পুলিশ। ন্যাজাট থানা সূত্রে জানা গিয়েছে, ওই জমিতে আদালতের নির্দেশে ১৪৪ ধারা জারি রয়েছে। অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে জেলবন্দি শেখ শাহজাহানের অনুগামীরা সেখানে নির্মাণ করার চেষ্টা করেন। বিষয়টি জানানো হয়, ন্যাজাট থানায়।
স্থানীয় সূত্রে খবর, মুসা মোল্লা স্থানীয় তৃণমূল নেতা। অভিযোগ, শুক্রবার মুসাকে ধরতে গেলে তাঁর অনুগামীরা পুলিশের উপরে চড়াও হয়। তাঁকে পালাতে সাহায্য করেন তাঁর অনুগামীরাই। পুলিশ তাঁকে ধরতে গেলে স্থানীয়রা আক্রমণ করে পুলিশকে। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতেও।
এই ঘটনার পরে অতিরিক্ত পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়। ৯ জন স্থানীয় বাসিন্দাকে আটক করে ন্যাজাট থানায় নিয়ে যায় পুলিশ। জানা গিয়েছে, এই ঘটনার তদন্তের জন্য বয়ারমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে ২০২৪ সালে ৫ জানুয়ারি সন্দেশখালি যান ইডি আধিকারিকরা। এক বছর পরে সন্দেশখালিতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন