নয়াদিল্লি, ১৪ জুলাই: বাংলার রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার প্রশাসনিক ও আইনি ক্ষেত্রেও বড়সড় রদবদল শুরু হয়ে গেল। পূর্বতন তৃণমূল জমানার অন্যতম বড় আইনি লড়াই থেকে পুরোপুরি হাত তুলে নিল বর্তমান রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে দায়ের করা বহু চর্চিত ওবিসি (OBC) সংক্রান্ত সমস্ত মামলা অবশেষে সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করে নিল পশ্চিমবঙ্গ সরকার। আজ, মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি চলাকালীন রাজ্যের তরফ থেকে আপিল প্রত্যাহারের আবেদন জানানো হয়, যা মঞ্জুর করেছে সর্বোচ্চ আদালত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকালই এই মামলা প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছিলেন, আর তার ২৪ ঘণ্টার মধ্যেই নবান্নের এই মেগা পদক্ষেপে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে।
মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, রাজ্যের বর্তমান মন্ত্রিসভা এই আপিল প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন ক্যাবিনেট বৈঠকেই এই বিষয়ে আগেই সিলমোহর দেওয়া হয়েছিল। শুধু রাজ্য সরকারই নয়, তার পাশাপাশি রাজ্য অনগ্রসর শ্রেণি কমিশনও শীর্ষ আদালতে করা তাদের পৃথক আপিলটি প্রত্যাহার করে নিয়েছে। সুপ্রিম কোর্ট এই প্রত্যাহারের আবেদন গ্রহণ করে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, রাজ্য সরকার মামলা থেকে সরে দাঁড়ালেও অন্য কোনও পক্ষ যদি চায়, তবে তারা নিজেদের মতো করে আইনি লড়াই বা আপিল চালিয়ে যেতে পারবে।
প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বাংলায় ওবিসি তালিকাভুক্তি এবং ওবিসি সার্টিফিকেট প্রদান নিয়ে ব্যাপক দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ উঠেছিল। সেই মামলার প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্ট ২০১০ সালের পর ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হওয়া ৭৭টি সম্প্রদায়ের ওবিসি মর্যাদা সম্পূর্ণ বাতিল করার নির্দেশ দিয়েছিল। হাইকোর্টের এই ঐতিহাসিক রায়ের ফলে রাজ্যে ওবিসি কোটায় চলা চাকরি ও শিক্ষা সংক্রান্ত একাধিক নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি আটকে যায় এবং তীব্র জটিলতার সৃষ্টি হয়। তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। তবে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই এই জট কাটাতে বিশেষ নজর দেয় নতুন সরকার। শুভেন্দু অধিকারীর ক্যাবিনেট মনে করছে, এই মামলা প্রত্যাহারের ফলে পূর্বতন জমানার দুর্নীতির কলঙ্কমোচন হবে এবং যোগ্য প্রার্থীদের নিয়োগের পথ আরও পরিষ্কার হবে।
হিডেন স্টোরিজ নিউজ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন