রাজ্যে পালাবদলের পর প্রথম রথযাত্রা উৎসব। এবার কলকাতার ইসকনের রথের সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রথের রশিতে টান দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথের যাত্রা শুরু করবেন তিনি। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও।
রাজ্যে নতুন সরকারের আমলে প্রথম রথযাত্রা ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। কলকাতার ইসকনের রথযাত্রায় এবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইসকনের তরফে জানানো হয়েছে, তাঁর হাত ধরেই এবার রথের চাকা গড়াবে। আগামী ১৬ জুলাই, বৃহস্পতিবার রথযাত্রা। প্রতি বছরের মতো এবারও দক্ষিণ কলকাতা থেকে বের হবে ইসকনের রথ। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ময়দানে এসে পৌঁছবে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ। ময়দানেই রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। সেখানেই গিয়ে শেষ হবে রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে ইসকনের তরফে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর উপস্থিতির কথা জানানো হয়। ইসকন কর্তৃপক্ষ জানিয়েছে, বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ অনুষ্ঠানে পৌঁছবেন শুভেন্দু অধিকারী। নিয়ম মেনে বিগ্রহ দর্শন এবং রথের রশিতে টান সবকিছুতেই অংশ নেবেন তিনি।
উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার ইসকনের রথযাত্রার সূচনা করতেন। এবার রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সেই অনুষ্ঠানে প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী। ইসকনের দাবি, গত বছর সোজা রথ থেকে উলটো রথ পর্যন্ত প্রায় ৩০ লক্ষ ভক্তের সমাগম হয়েছিল। এবার সেই সংখ্যাও ছাপিয়ে যাওয়ার আশা করছে তারা। দেশ-বিদেশের একাধিক প্রান্ত থেকে ভক্তরা কলকাতার রথযাত্রায় যোগ দিতে আসবেন বলে জানিয়েছে ইসকন।
বিষয় : Amit Shah Suvendu Adhikari Rath Yatra

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন