রবিবার গ্রিন লাইনে যাতায়াতের পরিকল্পনা থাকলে আগে থেকেই সতর্ক হয়ে যান। অটোমেটিক ট্রেন অপারেশন (এটিও) সিস্টেমের পরীক্ষার জন্য দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকবে হাওড়া ময়দান-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা।
মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গ্রিন লাইনে কোনও মেট্রো চলবে না। বিকেল সাড়ে ৪টা থেকে ফের স্বাভাবিক সময়সূচি অনুযায়ী পরিষেবা চালু হবে। জানা গিয়েছে, এদিন গ্রিন লাইন মেট্রো রুটে অটোমেটিক ট্রেন অপারেশন সিস্টেমের বিভিন্ন দিক খতিয়ে দেখবে কমিশন অফ রেলওয়ে সেফটি (সিআরএস)। এই পরীক্ষায় স্বয়ংক্রিয়ভাবে ট্রেন পরিচালনা, গতি নিয়ন্ত্রণ, নির্দিষ্ট জায়গায় ট্রেন থামানো-সহ একাধিক বিষয় পর্যবেক্ষণ করা হবে।
প্রবল স্রোতে ভাঙল সুবর্ণরেখার সেতু, চরম দুর্ভোগে হাজারো মানুষ
সাধারণত গ্রিন লাইনে সকাল ৯টা থেকে মেট্রো পরিষেবা শুরু হয়। তবে রবিবার সেই পরিষেবা শুরু হবে বিকেল সাড়ে ৪টায়। ফলে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ এবং সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান দুই দিকেই সকাল ও দুপুরের যাত্রী পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। মেট্রো কর্তৃপক্ষের তরফে যাত্রীদের বিকল্প পরিবহণ ব্যবস্থার উপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে। সংশোধিত সময়সূচিও মেট্রো রেলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

শনিবার, ১১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন