কলকাতা: কলকাতার সরকারি স্কুলগুলিতে মিড-ডে মিলের দায়িত্ব ইসকন (ISKCON)-এর হাতে তুলে দেওয়ার যে মেগা ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেছিলেন, তা নিয়ে এবার সরাসরি আইনি জাঁতাকলে পড়ল রাজ্য সরকার। বুধবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার শুনানি হয়। যেখানে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্রকে কার্যত ব্যাকফুটে গিয়ে স্বীকার করতে হয় যে, বিষয়টি এখনও পর্যন্ত কেবলমাত্র 'প্রস্তাবের পর্যায়ে' রয়েছে, কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে রাজ্যকে এখনই রেহাই দেয়নি আদালত। এই প্রকল্পের ভবিষ্যৎ ও মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে আগামী ৬ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বিস্তারিত হলফনামা (Affidavit) জমা দেওয়ার কড়া নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
গত ২২ জুন বিধানসভায় বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এর পরেই এক হাইপ্রোফাইল সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, "শ্যামাপ্রসাদের দেখানো পথেই বাংলা চলবে। রামকৃষ্ণ মিশন, গৌড়ীয় মঠ, ভারত সেবাশ্রম, ইসকনের দেখানো পথে পশ্চিমবঙ্গ চলবে। আমরা ইসকনকেই মিড-ডে মিল খাবার সরবরাহ করার জন্য উদ্যোগ নিচ্ছি। পাইলট প্রজেক্ট হিসাবে পুরো কলকাতাকেই দেওয়া হচ্ছে। ইসকন খাওয়াবে। আপত্তি থাকলে হরে কৃষ্ণ বলবেন না, কেউ আপনাদের জোর করবে না। তবে ভালো ও শুদ্ধ খাবার পাবেন।" সরকারের এই সিদ্ধান্তের পরই মিড-ডে মিলে ডিম বন্ধ হওয়া এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজ হারানোর আশঙ্কা তৈরি হয়, যা গড়ায় আদালত পর্যন্ত।
আইনজীবী শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা এই জনস্বার্থ মামলায় এদিন আদালতে মামলাকারীর পক্ষে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আদালতের সামনে জোরালো সওয়াল করে প্রশ্ন তোলেন, ইসকন যদি এই দায়িত্ব নেয় তবে কলকাতার স্কুলগুলিতে মিড-ডে মিল রান্না ও পরিবেশনের দায়িত্বে থাকা কয়েক হাজার স্বনির্ভর গোষ্ঠীর (SHG) মহিলা রাতারাতি চাকরি হারাবেন, তাঁদের রুটিরুজির কী হবে? একই সঙ্গে শিশুদের পুষ্টির জন্য মিড-ডে মিলে যে ডিম দেওয়া হয়, ইসকনের নিরামিষ মেনুর চক্করে তা কেন বন্ধ হবে, সেই প্রশ্নও তোলা হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে সাফ দাবি জানান, "মুখ্যমন্ত্রী এই কথা বিধানসভায় বলেননি, তা রাজ্য হলফনামা দিয়ে লিখিতভাবে জানাক।" আদালতের এই কড়া অবস্থানের পর কলকাতার শিশুদের মিড-ডে মিলের থালায় ডিম থাকবে নাকি 'হরে কৃষ্ণ' মন্ত্রে নিরামিষ আহার আসবে, তা নিয়ে এখন রাজ্যজুড়ে জোর জল্পনা।

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন