কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সরাসরি তদন্ত প্রক্রিয়ায় অসহযোগিতা ও বিলম্ব করার গুরুতর অভিযোগ আনল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ (CID)। বহুচর্চিত 'ডিজে' মামলায় বুধবার কণ্ঠস্বরের নমুনা (Voice Sample) দেওয়ার জন্য বিধাননগর আদালতে তলব করা হয়েছিল ডায়মন্ড হারবারের সাংসদকে। কিন্তু প্রথম বারের পর এবার দ্বিতীয় বারও তিনি হাজিরা এড়াতেই ক্ষোভে ফেটে পড়ল তদন্তকারী সংস্থা। সিআইডি আধিকারিক ও কণ্ঠস্বর বিশেষজ্ঞ দল আদালতের ভেতরে দীর্ঘ দুই ঘণ্টা অপেক্ষা করার পরও অভিষেক উপস্থিত না হওয়ায় সরব হয়েছে সরকার পক্ষ। সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বিচারকের কাছে সাফ আর্জি জানিয়েছেন, বারবার আদালতের নির্দেশ অমান্য করায় এবার তৃণমূল নেতার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হোক।
ঘটনার সূত্রপাত বিধানসভা ভোটের প্রচারপর্বে, যখন একাধিক সভায় অভিষেকের মুখে বিতর্কিত 'ডিজে' মন্তব্য শোনা গিয়েছিল। বিজেপির অভিযোগ ছিল, ভোটজয়ের পর ডিজে বাজানোর কথা বলে আসলে পরোক্ষে রাজনৈতিক হিংসায় উস্কানি দিয়েছিলেন এই তৃণমূল নেতা। ভোটের ফলপ্রকাশের পরেই তাঁর বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের হয় এবং তদন্তের স্বার্থে অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য বিধাননগর আদালতের অনুমতি পায় সিআইডি। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হয়েছিলেন অভিষেক। উচ্চ আদালতে তাঁর যুক্তি ছিল, ডিজে বাজানোর কথা যে তিনি বলেছেন, তা তিনি নিজেই স্বীকার করছেন এবং ওই কণ্ঠস্বর তাঁরই—তাহলে আলাদা করে নমুনা সংগ্রহের কী প্রয়োজন? তবে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, তদন্তের স্বার্থে ঠিক কী প্রয়োজন, তা আদালত তদন্তকারী সংস্থাকে ঠিক করে দিতে পারে না।
এর আগে গত ৩০ জুন প্রথমবার অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের দিন ধার্য করেছিল বিধাননগর আদালত, কিন্তু সে দিনও তিনি যাননি। বুধবার সিআইডি-র তরফে আদালতে লিখিতভাবে জানানো হয়েছে, এই গোটা মামলার তদন্ত এবং বিচারপ্রক্রিয়া সম্পূর্ণ নির্ভর করছে কণ্ঠস্বরের নমুনার ওপর। অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে আদালতের নির্দেশ এড়িয়ে যাচ্ছেন, যাতে তদন্তের গতি শ্লথ করে দেওয়া যায়। দুই ঘণ্টার অপেক্ষার পর সিআইডি-র এই বিস্ফোরক আবেদনের পর আদালত অভিষেকের বিরুদ্ধে কী কড়া পদক্ষেপ নেয়, কিংবা এই মেগা মামলার জল আগামী দিনে কোন দিকে গড়ায়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন