পুণে: পুণের লোহাগড় কেল্লায় ব্যবসায়ীপুত্র কেতন অগরওয়াল হত্যা মামলায় এবার সামনে এলো এক হাড়হিম করা ও বিস্ফোরক তথ্য। বাগদান পর্ব মিটে গেলেও সিয়া গোয়েল যে তাঁর প্রেমিক চেতন চৌধুরীকে চার মাস আগেই গোপনে বিয়ে করে ফেলেছিলেন, তা অবশেষে ফাঁস করল পুলিশ। দুই অভিযুক্তের হোয়াটসঅ্যাপ চ্যাট ও ডিজিটাল রেকর্ড ঘেঁটে এই চরম সত্য উদঘাটন করেছেন তদন্তকারীরা। পুলিশের দাবি, এই গোপন বিয়ের সত্যতা সামনে আসায় কেতনকে পাহাড়ের খাদে ধাক্কা মেরে খুনের মামলার ভিত আইনি দিক থেকে আরও মজবুত হলো।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বছরের নভেম্বর মাসে ধুমধাম করে ব্যবসায়ী কেতনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল সিয়ার। কিন্তু গত ১৮ জুন লোহাগড় কেল্লায় বেড়াতে গিয়ে আচমকাই খাদে পড়ে মৃত্যু হয় কেতনের। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এটি কোনও দুর্ঘটনা নয়, বরং সিয়া ও তাঁর প্রেমিক চেতন মিলে পরিকল্পনা করে কেতনকে ধাক্কা মেরে ফেলে খুন করেছে। সম্প্রতি সিয়া ও চেতনের মোবাইল ফোনের ডেটা রিকভারি করতেই তদন্তকারীদের চোখ চড়কগাছ হয়ে যায়। জানা যায়, হত্যাকাণ্ডের চার মাস আগেই স্পেশাল ম্যারেজ অ্যাক্ট মেনে গোপনে বিয়ে করেছিলেন এই যুগল, যেখানে সিয়ার দুই বন্ধু সাক্ষী হিসেবে সইও করেছিলেন। এমনকি বিয়ের পর গলায় মালা পরা একটি ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করে পরে তা মুছে দেন সিয়া। পুলিশ এখন সেই বিয়ের সার্টিফিকেট ও মুছে দেওয়া ছবি পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
এই নৃশংস হত্যাকাণ্ডের জেরে সিয়া ও চেতনকে ইতিমধ্যেই ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। তবে মামলার এই চরম মোড়কে ছাপিয়ে গিয়েছে সিয়া গোয়েলের নজিরবিহীন ঔদ্ধত্য। তদন্তের স্বার্থে পুলিশ যখন সিয়াকে তাঁর নিজের বাড়িতে নিয়ে যায়, তখন বাড়ি থেকে বেরোনোর সময় বাইরে অপেক্ষারত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশ্যে সগর্বে নিজের হাতের মধ্যমা প্রদর্শন করেন তিনি, যা অত্যন্ত কুৎসিত ও অশ্লীল একটি ভঙ্গি। কালো টি-শার্ট ও ওড়নায় মুখ ঢাকা সিয়ার এই ১৭ সেকেন্ডের ভাইরাল ভিডিও সমাজমাধ্যমে আসতেই নিন্দার ঝড় উঠেছে। অনুশোচনার বদলে সিয়ার চোখে-মুখে ও আচরণে যে চরম অহংকার ও ঔদ্ধত্য ধরা পড়েছে, তা দেখে তাজ্জব বনে গেছেন খোদ দুঁদে পুলিশ আধিকারিকরাও।

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন