কলকাতা: কোটি কোটি টাকার মেগা জমি কেলেঙ্কারিতে এবার কোনো রক্ষাকবচই পেলেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক বা পিএ সুমিত রায়! বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করল আদালত।
বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গল বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, এটা কোনো সাধারণ বা একক অপরাধের ঘটনা নয়, এর পেছনে জড়িয়ে রয়েছে প্রায় ৩০০টি প্লটের হাড়হিম করা জালিয়াতি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে সুমিতকে ফাঁসানো হচ্ছে বলে তাঁর আইনজীবী দাবি করলেও, হাইকোর্ট তা পুরোপুরি নাকচ করে দিয়ে পুলিশকে আগামী সোমবারের মধ্যে হলফনামা আকারে যাবতীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, এই সুমিতের খোঁজে গত কয়েকদিন আগেই কাকভোরে অভিষেকের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ, কারণ গোয়েন্দাদের দাবি ছিল সুমিতের শেষ টাওয়ার লোকেশন মিলছিল খোদ সাংসদের বাসভবনেই।
তারাতলায় লাশের মিছিল, লাফিয়ে বাড়ল মৃত্যু!
শালবনী থানায় এক ব্যক্তির দায়ের করা জমি জালিয়াতির মারাত্মক অভিযোগের ভিত্তিতেই বর্তমানে ফেরার সুমিত রায়ের খোঁজ চালাচ্ছে পুলিশ। অভিযোগ, জমি দেওয়ার নাম করে ওই ব্যক্তির কাছ থেকে এক ধাক্কায় ১০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিলেন সুমিত। তদন্তে নেমে সরকারি আইনজীবী কল্লোল মণ্ডল আদালতে দাবি করেন, সুমিতের বাড়ি থেকে ইতিমধ্যেই একাধিক জাল ডিড বা ভুয়ো জমির দলিল উদ্ধার হয়েছে। শুধু তাই নয়, এই চক্রের মূল পান্ডা তথা ধৃত মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জেরা করেই সুমিতের নাম সামনে এসেছে। সুমিতের গাড়ি চালকও পুলিশকে জানিয়েছে যে, জমি বিক্রির নামে সাধারণ মানুষের কাছ থেকে তোলা সমস্ত দুর্নীতির টাকা সরাসরি চলে যেত খোদ এই আপ্তসহায়কের পকেটে।
আদালতে সুমিতের আইনজীবী পাল্টা সওয়াল করে জানান, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সুমিতকে হেনস্থা করতে তৃণমূলের দলীয় কার্যালয় এবং জেনারেল সেক্রেটারির বাড়িতে পুলিশি তল্লাশি চালানো হয়েছে। যদি সত্যিই কোনো টাকার লেনদেন হয়ে থাকে, তবে সুমিতের যাবতীয় ব্যাঙ্ক স্টেটমেন্ট খতিয়ে দেখা হোক। তবে বিচারপতি জয় সেনগুপ্ত এই সওয়ালে কান না দিয়ে বিষয়টির গুরুত্ব অনুধাবন করে জানান যে, ৩০০টি প্লটের এই মেগা কেলেঙ্কারিতে একাধিক প্রভাবশালী ব্যক্তি জড়িয়ে রয়েছে। ফলে আদালতের কাছ থেকে কোনো প্রাথমিক স্বস্তি না মেলায় সুমিত রায়ের গ্রেফতারি এখন স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন