দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের মৌসুনি দ্বীপে নদী বাঁধ ভেঙে আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার বালিয়াড়ার ১৪ নম্বর সোয়াল এলাকার বটতলা নদী বাঁধের প্রায় ১৫০ মিটার অংশ ভেঙে যায় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরেই ওই নদী বাঁধ দুর্বল অবস্থায় ছিল। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনও পদক্ষেপ করা হয়নি। শুক্রবার অমাবস্যার ভরা কোটালের চাপে বাঁধের বড় অংশ ভেঙে পড়ে। স্থানীয়দের অভিযোগ, নদী বাঁধ সংস্কারের জন্য বিপুল অর্থ বরাদ্দ হলেও বাস্তবে প্রয়োজনীয় কাজ হয়নি। ফলে প্রতি বছর বর্ষার সময় ভাঙনের আশঙ্কা তৈরি হয়। এ বার সেই আশঙ্কাই বাস্তবে পরিণত হয়েছে বলে দাবি তাঁদের।
স্থানীয় বাসিন্দা শেখ আজেদ ও বাবুসোনা মাইতি বলেন, “প্রায় ১৫০ মিটার নদী বাঁধ ভেঙে যাওয়ায় আমরা আতঙ্কে রয়েছি। দ্রুত মেরামতির কাজ শুরু না হলে নদীর জল গ্রামে ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে।” এলাকাবাসীদের একাংশের আশঙ্কা, আগামী দিনে জোয়ারের জল আরও বাড়লে পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে। তাই অস্থায়ী মেরামতির বদলে স্থায়ী ও শক্তিশালী নদী বাঁধ নির্মাণের দাবি তুলেছেন তাঁরা। তাঁদের মতে, দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ না করলে ভবিষ্যতেও এমন বিপজ্জনক পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটতে পারে।

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন