মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য আজ থেকে শুরু হল মিড-ডে মিল পরিষেবা। ১ আগস্ট ইসকনের মেগা কিচেনের উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী। রান্নাঘরের হালচাল থেকে শুরু করে গোটা ব্যবস্থাপনা ঘুরে দেখেন তিনি। এমনকি মিড-ডে মিল রান্নার কাজেও অংশ নেন তিনি।
ইসকনে আয়োজিত মহাযজ্ঞে অংশ নেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল এবং স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে প্রতীকী হিসেবে পাঁচটি স্কুলের ৪০ জন পড়ুয়া উপস্থিত ছিল। স্কুলগুলিতে মিড-ডে মিল পৌঁছে দেওয়ার জন্য ইলেকট্রিক গাড়িরও সূচনা করেন তিনি। ইসকনের ‘অন্নামৃত ফাউন্ডেশন’-এর মাধ্যমে রান্না করা খাবার এবার থেকে নির্দিষ্ট নিয়ম মেনে স্কুলে পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রী জানান, “ছাত্রছাত্রীদের স্কুলমুখী করা এবং সার্বিক বিকাশের ক্ষেত্রে মিড মে মিলের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ীজির মস্তিষ্কপ্রসূত এই যুগান্তকারী চিন্তাভাবনা। বর্তমানে মোদীজির উদ্যোগে এগিয়ে এসেছেন বহু সংস্থা। তাদের সহযোগিতায় শিশুদের পাতে পৌঁছে যাচ্ছে সুষম আহার।” এছাড়াও তিনি আশ্বাস দেন, আগামী তিন মাসের মধ্যে প্রায় আড়াই লক্ষ পড়ুয়ার কাছে এই পরিষেবা পৌঁছে যাবে। পাশাপাশি মিড-ডে মিলের বরাদ্দ বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে বলেও জানান তিনি।
ইসকনের মাধ্যমে মিড-ডে মিল চালুর সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছিল রাজনৈতিক বিতর্কও। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “সমালোচনা গণতন্ত্রের অংশ। পাশাপাশি তিনি জানান, রাজ্যে পড়ুয়াদের পাতে ডিম দেওয়ার ব্যবস্থাও চালু থাকবে। সপ্তাহে দু’দিন করে ডিম দেওয়া হবে।” মিড-ডে মিলের সঙ্গে যুক্ত রাঁধুনিদের জন্যও এগিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, কোনও রাঁধুনি বঞ্চিত হবেন না। বরং ইসকনের খাবার সরবরাহের কাজে তাঁদের যুক্ত করা হবে। আগস্ট মাস থেকে তাঁদের পারিশ্রমিক ২০০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০০ টাকা করা হয়েছে।
বিষয় : Mid-Day Meal CM Suvendu Adhikari Iskcon

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন