অনলাইনে শিশুদের নিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। শিশুদের যৌন নিগ্রহ সংক্রান্ত কনটেন্ট সমাজমাধ্যমে নজরে এলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য মেটার উপর চাপ বাড়ানো হয়েছিল। সেই পরিস্থিতিতেই এবার বড় পদক্ষেপের কথা জানাল মেটা। কোনও অপরাধের বিষয় সামনে এলে তা সংশ্লিষ্ট পুলিশ বা কর্তৃপক্ষকে জানানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
অভিযোগ, ইনস্টাগ্রামে বিজ্ঞাপনের মাধ্যমে শিশুদের যৌন হেনস্থার সঙ্গে যুক্ত কনটেন্ট প্রচার করা হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে গত জুলাইয়ে মেটাকে নোটিস পাঠায় তথ্যপ্রযুক্তি মন্ত্রক। বিজ্ঞাপনগুলি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়। কিন্তু কটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, এরপরও এমন বিজ্ঞাপন দেখা গিয়েছে। ইনস্টাগ্রামে অর্থের বিনিময়ে দেওয়া কিছু বিজ্ঞাপনে শিশুদের যৌন নির্যাতন সংক্রান্ত বেআইনি কনটেন্টের প্রচার করা হচ্ছিল। বিজ্ঞাপনে ক্লিক করলে ব্যবহারকারীদের অন্য একটি সমাজমাধ্যম প্ল্যাটফর্মের নির্দিষ্ট চ্যানেলে নিয়ে যাওয়া হত বলেও দাবি করা হয়।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, শিশুদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সমাজমাধ্যম প্ল্যাটফর্মগুলি যথাযথ ব্যবস্থা না নিলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অনলাইনে শিশু সুরক্ষার ক্ষেত্রে কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও বার্তা দেওয়া হয়েছে। কেন্দ্রের এই চাপের মধ্যেই এবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মেটা। সংস্থার তরফে জানানো হয়েছে, শিশুদের যৌন নির্যাতন বা নিরাপত্তা সংক্রান্ত অপরাধের বিষয় নজরে এলে ভারতের ইন্ডিয়ান সাইবারক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C) পরিচালিত সাইবার অপরাধ সংক্রান্ত পোর্টালে অভিযোগ জানানো হবে। এই পোর্টাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পাশাপাশি বিভিন্ন রাজ্যের পুলিশ ও তদন্তকারী সংস্থাও ব্যবহার করে। শিশুদের বিরুদ্ধে অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেও তারা সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিষয় : Social Media Meta Cyber Crime

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন