কলকাতাঃ জনগণনার কাজ নিয়ে বড় স্বস্তি পেলেন রাজ্যের স্কুল শিক্ষকরা। এবার থেকে সপ্তাহান্তে বা ছুটির দিনে নয়, স্কুলের সময়েই বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কাজ করতে পারবেন শিক্ষকরা। বুধবার কলকাতা হাই কোর্টে এই সিদ্ধান্তের কথা জানাল রাজ্য সরকার।
গত ১৬ অগস্ট থেকে রাজ্যে বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কাজ শুরু হয়েছে। এই কাজে স্কুলশিক্ষকদেরও যুক্ত করা হয়েছিল। নির্দেশ ছিল, স্কুলে পড়ুয়াদের দেখভালের পর সপ্তাহান্তে অথবা ছুটির দিনে তাঁদের জনগণনার কাজে যেতে হবে। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানান শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। পরে বিষয়টি গড়ায় কলকাতা হাই কোর্টে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে মামলার শুনানির সময় জনগণনার কাজ নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করে আদালত। রাজ্যের তরফে দাবি করা হয়েছিল, স্কুল চলাকালীন শিক্ষকরা জনগণনার কাজে যুক্ত হলে পঠনপাঠন ব্যাহত হতে পারে। অন্যদিকে কেন্দ্রের বক্তব্য ছিল, জনগণনার কাজের জন্য স্কুলের সময়েই শিক্ষকদের ব্যবহার করা উচিত।
দু’পক্ষের অবস্থানের জটিলতার মধ্যেই এবার আগের বিজ্ঞপ্তি প্রত্যাহারের সিদ্ধান্ত নিল রাজ্য। নতুন ব্যবস্থায় স্কুল চলাকালীন শিক্ষকরা জনগণনার কাজে যুক্ত হলে তাঁদের ‘অন ডিউটি’ হিসেবে গণ্য করা হবে। তবে কোনওভাবেই যাতে পড়ুয়াদের পঠনপাঠন ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে।
বিষয় : Calcutta High Court Census

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন