কলকাতাঃ উত্তরবঙ্গ থেকে কলকাতা, একের পর এক গ্রেপ্তারে পাক গুপ্তচর সন্দেহে তদন্তের জাল আরও ছড়াচ্ছে। হাবড়ায় ধৃত পাক নাগরিক রানা রউফকে জেরা করে এবার রিষড়া থেকে গ্রেপ্তার আরও এক সন্দেহভাজন। ধৃতের নাম জাফর শামস ওরফে সানি। তদন্তকারীদের দাবি, রানার সঙ্গে সানির যোগাযোগ ছিল।
তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের সদর দফতর ফোর্ট উইলিয়ম, বিএসএফের গতিবিধি থেকে শুরু করে কলকাতার গার্ডেনরিচ এবং ভারতীয় রেলের পরিকাঠামো বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহের কাজ চলছিল বলে সন্দেহ করা হচ্ছে। সেই তথ্য কীভাবে এবং কোথায় পাচার করা হত, তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। এর আগে হাবড়া থেকে রানা রউফকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্তে উঠে আসে, পাকিস্তানের ওই নাগরিক বিশেষ উদ্দেশ্য নিয়ে ভারতে এসেছিল বলে সন্দেহ। রানার সঙ্গে যোগাযোগ থাকা ব্যক্তিদের নিয়ে বাংলায় একটি ‘স্লিপার সেল’ তৈরি হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। সেই নেটওয়ার্কেরই অন্যতম সদস্য হিসেবে সানির নাম উঠে এসেছে বলে খবর।
সানিকে জেরা করে ফোর্ট উইলিয়ম, বিএসএফের গতিবিধি এবং রেল পরিকাঠামো সংক্রান্ত তথ্য সংগ্রহের বিষয়ে তদন্তকারীরা কিছু সূত্র পেয়েছেন বলে জানা যাচ্ছে। এমনকি গার্ডেনরিচে সাম্প্রতিক সময়ে যুদ্ধজাহাজ নির্মাণ ও জলযাত্রার সঙ্গে সম্পর্কিত কোনও তথ্য বাইরে পাচার হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। শুধু কলকাতা বা দক্ষিণবঙ্গ নয়, তদন্তের নজরে রয়েছে উত্তরবঙ্গের ‘চিকেনস নেক’ অঞ্চলও। ওই স্পর্শকাতর এলাকার কোনও তথ্য পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের কাছে পৌঁছেছিল কি না, তা নিয়েও তদন্ত চলছে।
বিষয় : Kolkata Police Police Investigation

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন