কলকাতাঃ ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তার আগেই অনুষ্ঠান ঘিরে তৃণমূলের দুই শিবিরের মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন। মেয়ো রোডে সভা করার অনুমতি এখনও মেলেনি। তাই এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল ঋতব্রতপন্থী তৃণমূল।
বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই আবেদন জানানো হয়। তবে মামলাটি জরুরি ভিত্তিতে শুনতে রাজি হয়নি আদালত। মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এর আগে মঙ্গলবার একই বিষয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূলও। তাদের তরফে আদালতে জানানো হয়, ২৭ জুলাই মেয়ো রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান করার অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন করা হয়েছিল। পরে ৩ ও ৭ আগস্ট পুলিশের কাছে আবেদনের অগ্রগতি জানতে চাওয়া হলেও কোনও জবাব মেলেনি। প্রতি বছর মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশেই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার রাজ্যের রাজনৈতিক সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে।
গত ২১ জুলাইও আলাদা আলাদাভাবে শহিদ দিবস পালন করেছিল দুই পক্ষ। এবার টিএমসিপির প্রতিষ্ঠা দিবস ঘিরেও সেই বিভাজনের ছবি স্পষ্ট হচ্ছে। ঋতব্রতপন্থী তৃণমূলও আলাদাভাবে প্রতিষ্ঠা দিবস পালনের প্রস্তুতি নিচ্ছে।
বিষয় : Calcutta High Court TMCP

বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন