বীরভূমঃ রাখিবন্ধনের উৎসব যত এগিয়ে আসছে, রাখির বাজারেও ততই দেখা যাচ্ছে নতুন চমক। রঙিন সুতো, পুঁতি কিংবা কারুকাজ করা রাখি তো আছেই। এর পাশাপাশি সিউড়ির বাজারে এবার নজর কাড়ছে রাজনৈতিক মুখ ও প্রতীক দিয়ে তৈরি রাখি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি এবং বিজেপির প্রতীক পদ্ম এই নকশাগুলিই এখন স্থানীয় রাখি শিল্পীদের ব্যস্ততা বাড়িয়েছে।
রাখির বাজারে রাজনৈতিক প্রতীক বা নেতাদের ছবি ব্যবহার অবশ্য একেবারে নতুন নয়। তবে এ বছর রাজনৈতিক নকশার রাখির চাহিদা গত কয়েক বছরের তুলনায় অনেকটাই বেশি বলে দাবি কারিগরদের। বিশেষ করে বিজেপির প্রতীক এবং দলের সঙ্গে যুক্ত নেতাদের ছবি দেওয়া রাখি ক্রেতারা বেশি পছন্দ করছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সিউড়ির রাখি প্রস্তুতকারক অক্ষয় মালাকার জানান, ইতিমধ্যেই বিজেপির তরফে প্রায় ২ হাজার রাজনৈতিক রাখির অর্ডার এসেছে। চাহিদা আরও বাড়তে পারে ধরে নিয়ে প্রায় ৫ হাজার রাখি তৈরির প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
পূর্বতন রাজ্য সরকারের আমলেও সরকারি উদ্যোগে তৎকালীন সরকারের পরিচিত প্রতীক বা লোগো ‘ব’ ব্যবহার করে রাখি তৈরি হয়েছিল। যদিও সেই রাখির ব্যবহার মূলত সরকারি অনুষ্ঠানকেন্দ্রিক ছিল। সাধারণ বাজারে তেমন চাহিদা তৈরি হয়নি বলেই দাবি সংশ্লিষ্টদের। এবার সেই ছবিটাই যেন বদলাচ্ছে সিউড়ির বাজারে।

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন