দীর্ঘ আন্দোলনের পর কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। ন্তর মন্তরের ধর্না কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা করল সংগঠন। শনিবার কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আন্দোলনকারীদেরও বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, শনিবার দুপুরেই আন্দোলনের চাপে পদত্যাগ করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তবুও আন্দোলন থামায়নি সিজেপি। তাঁরা জানায়, আন্দোলন সম্পূর্ণ প্রত্যাহারের আগে তাদের বাকি দুই দাবিও কেন্দ্রকে মানতে হবে। দাবিগুলি ছিল, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহার করা। আর ভবিষ্যতে তাঁদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ না করার নিশ্চয়তা।
সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে বিজেপি বিধায়কদের প্রতিবাদ মিছিল
পাশাপাশি, নিট প্রশ্নফাঁসের জেরে পরীক্ষা বাতিল হওয়ার পর আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়। সিজেপি নেতৃত্বের দাবি, বিকেলের বৈঠকে কেন্দ্র এই দাবিগুলিতে সম্মতি দিয়েছে। সংগঠনের বক্তব্য, কেন্দ্র সব দাবি মেনে নিয়েছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করা হবে। ভবিষ্যতেও তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না। একইসঙ্গে, নিয়ম মেনে মৃত পড়ুয়াদের পরিবারকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দিয়েছে কেন্দ্র।
তবে আন্দোলন প্রত্যাহার করলেও কেন্দ্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে সিজেপি। সংগঠনের নেতা সৌরভ দাস জানান, চার সপ্তাহ পরে ফের কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা, যাতে প্রতিশ্রুতিগুলির বাস্তবায়ন পর্যালোচনা করা যায়। সৌরভ দাস বলেন, “সরকার আমাদের দাবি মেনে নিয়েছে। তাই সকল আন্দোলনকারীর কাছে আমাদের আবেদন, আপনারা এবার বাড়ি ফিরে যান।” অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেন, “তরুণ প্রজন্মই দেশের আসল শক্তি। পড়ুয়াদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হবে না।”

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন