বিধানসভায় বড় অ্যাকশন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তৃণমূল সরকারের আমলের একের পর এক আলোচিত ঘটনার সূত্র ধরে যে যে পুলিশ অফিসারের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল, তাঁদের অনেককেই সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী। শনিবার বিধানসভায় তিনি এক আইপিএস অফিসার-সহ পাঁচ পুলিশকর্মীকে সাসপেন্ড করার নির্দেশ দেন। পাশাপাশি সেই ঘটনায় বিভাগীয় ও বিচারবিভাগীয় তদন্তের কথাও ঘোষণা করেন।
কালিয়াগঞ্জে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু, প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্তের অভিযোগ, কৃষ্ণনগরের জগদ্ধাত্রী বিসর্জন বিতর্ক থেকে কাকদ্বীপে মা কালীর মূর্তি প্রিজন ভ্যানে তোলার ঘটনা - একের পর এক আলোচিত মামলা ঘিরে বড় পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন তৃণমূল সরকারের আমলে বহু ক্ষেত্রে পুলিশের অপব্যবহার হয়েছে। তাঁর কথায়, "অন্যায় করলে কাউকে ছাড়া হবে না। আমার উপর আস্থা রাখুন, প্রতিটি ঘটনার বিচার হবে।" কালিয়াগঞ্জের ঘটনাটি তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন, এক ছাত্রী খুনের ঘটনার পর আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে গভীর রাতে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতে যায় পুলিশ। দরজা খোলার পর তাঁকে গুলি করা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় এএসআই মোয়াজ্জেম হোসেনকে সাসপেন্ড করা হয়। পাশাপাশি বিভাগীয় তদন্তেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন আইপিএস অফিসার পঙ্কজ দত্তের মৃত্যুর প্রসঙ্গ তুলে শুভেন্দুর অভিযোগ, তৎকালীন সরকারের নির্দেশে বড়তলা থানায় তাঁকে দীর্ঘ সময় বসিয়ে রেখে মানসিকভাবে হেনস্থা করা হয়েছিল। এই ঘটনায় তদন্তকারী অফিসার সাধন দাস এবং বড়তলা থানার তৎকালীন আইসি সুবর্ন দত্ত চৌধুরীকেও সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও, কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় সাসপেন্ড করা হয়েছে ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকে। কাকদ্বীপের সূর্যনগরে মা কালীর মূর্তি প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়ার ঘটনাকেও অত্যন্ত স্পর্শকাতর বলে উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এই ঘটনা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছে। ওই ঘটনায় তৎকালীন দায়িত্বপ্রাপ্ত আইপিএস অফিসার কোটেশ্বর রাওকে সাসপেন্ড করার ঘোষণা করেন তিনি। সরকারের দাবি, পূর্বের বিতর্কিত ঘটনাগুলির নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। আর তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়াই তাঁদের লক্ষ্য।

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন