বাজেট অধিবেশনের ধন্যবাদ জ্ঞাপন ভাষণে বক্তৃতা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি জানান যে, নিউটাউনে নতুন বিধানসভা ভবন তৈরি হবে। ভবিষ্যতে ডিলিমিটেশন (আসন পুনর্বিন্যাস) এবং ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ কার্যকর হলে বর্তমান বিধানসভা ভবনে সব বিধায়কের বসার জায়গা হবে না। তাই এখন থেকেই নতুন ভবনের পরিকল্পনা শুরু করা প্রয়োজন।
মুখ্যমন্ত্রী স্পিকার রথীন্দ্রনাথ বসুকে সর্বদলীয় প্রতিনিধিদের নিয়ে নিউটাউনের নির্ধারিত জমি পরিদর্শনের অনুরোধ জানান। পাশাপাশি প্রাথমিক পরিকল্পনা তৈরির জন্য পিডব্লজডি এবং সংশ্লিষ্ট নির্মাণকারী সংস্থাগুলিকে সঙ্গে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। শুভেন্দু অধিকারী বলেন, “এখন বিধানসভায় ২৯৪টি আসন রয়েছে। ডিলিমিটেশন ও ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ কার্যকর হলে সেই সংখ্যা ৪০০-রও বেশি হতে পারে। তখন এই ভবনে আর জায়গা হবে না। তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। অর্থমন্ত্রীর সাক্ষী রেখে বলছি, অর্থের কোনও সমস্যা হবে না।” করোনাকালের সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, সেই সময় বিধায়কদের দূরত্ব বজায় রেখে বসানোর জন্য গ্যালারি পর্যন্ত আসন করতে হয়েছিল। ভবিষ্যতের প্রয়োজন মাথায় রেখেই নতুন ভবনের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, নিউটাউনে বিধানসভা কমপ্লেক্স তৈরির জন্য প্রায় ৪০ একর জমি আগেই নির্ধারিত রয়েছে। সেখানে নতুন বিধানসভা ভবনের পাশাপাশি বিধায়ক আবাস, বিধানসভা সচিবালয় এবং আধুনিক পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বর্তমান বিধানসভা ভবনটি সংরক্ষণ করে ভবিষ্যতে অন্য কাজে ব্যবহার করা হবে। এদিন বিধায়ক ভবনের পরিকাঠামো ও বিধানসভার ক্যান্টিনের মানোন্নয়ন করা হবে বলেও জানান তিনি। পাশাপাশি নতুন বিধায়কদের লাইব্রেরি ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি তাঁদের উপস্থিতি ও পারফরম্যান্সের তথ্য প্রকাশের জন্য নতুন ওয়েবসাইট তৈরির কথাও ঘোষণা করেন।
বিষয় : New Town CM Suvendu Adhikari Assembly

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন